logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৮ মে ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে শিশু সাংবাদিকতা কর্মশালা: উদ্ভাবনী কাজে শিশুদের যুক্ত করার আহ্বান সিসিক প্রশাসকের

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ মে ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ মে ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন
সিলেটে শিশু সাংবাদিকতা কর্মশালা: উদ্ভাবনী কাজে শিশুদের যুক্ত করার আহ্বান সিসিক প্রশাসকের

সিলেট। 

সিলেট সিটি করপোরেশনের (সিলেট সিটি কর্পোরেশন) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একসময় সিলেট নগরে পর্যাপ্ত খালি জায়গা, খেলাধুলার মাঠ ও বিনোদনের সুযোগ থাকলেও অনিয়ন্ত্রিত নগরায়নের কারণে এখন তা অনেকটাই সংকুচিত হয়ে এসেছে। এর ফলে শিশু-কিশোররা অতিরিক্ত ডিভাইস ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝুঁকে পড়ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি থেকে শিশুদের রক্ষা করতে তাদের বেশি বেশি উদ্ভাবনী ও সৃজনশীল কাজে যুক্ত করার আহ্বান জানান তিনি।


শনিবার (১৬ মে) সিলেটে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’-এর আয়োজনে অনুষ্ঠিত এক ফলো-আপ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি ‘শিশুর চোখে শিশুর গল্প’ স্লোগানকে সামনে রেখে নগরের একটি হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যৌথ অংশীদারিত্বে এ আয়োজন করা হয়।


সিসিক প্রশাসক আরও বলেন, শিশু-কিশোর, তরুণ-তরুণী এবং প্রবীণদের জন্য নগরে হাঁটাচলা ও শরীরচর্চার উপযোগী পরিবেশ তৈরি করা জরুরি। ইতোমধ্যে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে এবং উপযুক্ত স্থান পাওয়া গেলে নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।


তিনি শিশু সাংবাদিকতা কর্মশালার মতো উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে আয়োজকদের ধন্যবাদ জানান এবং শিশুদের সঠিক পথে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানান।


কর্মশালায় স্বাগত বক্তব্য ও প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-ফিচার সম্পাদক হাসান বিপুল। সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র এবং সঞ্চালনা করেন শাবিপ্রবি প্রতিনিধি নুর আলম। অনুষ্ঠানে সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ উপস্থিত ছিলেন।


দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের মৌলিক সাংবাদিকতা, সংবাদ ও ফিচার লেখা, তথ্য যাচাই, শিশু অধিকার, মোবাইল জার্নালিজম ও ভিডিও রিপোর্ট তৈরির ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। ফটোগ্রাফি বিষয়ে ধারণা দেন প্রথম আলোর ফটোসাংবাদিক আনিস মাহমুদ। কর্মশালায় সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ জন শিক্ষার্থী অংশ নেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15465
Page of