logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৮ মে ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান সিসিক প্রশাসকের

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ মে ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ মে ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন
পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান সিসিক প্রশাসকের

সিলেট সিটি কর্পোরেশনের (সিলেট সিটি কর্পোরেশন) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পরিবেশ সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের ঝুঁকি মোকাবিলায় পরিবেশবান্ধব উদ্ভাবন, টেকসই উদ্যোগ এবং বিশেষ করে তরুণ সমাজকে ব্যাপকভাবে সম্পৃক্ত করা জরুরি।


শনিবার (১৬ মে) বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তন-এ আয়োজিত ‘সিলেট পরিবেশ সম্মেলন-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব এবং পরিবেশ অধিদপ্তর সিলেট।


সিসিক প্রশাসক আরও বলেন, “পরিবেশ সংরক্ষণ শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি টিকে থাকার লড়াই। অপরিকল্পিত নগরায়ণ, বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণের কারণে প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে। সামাজিক আন্দোলন ছাড়া এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব নয়।”


তিনি আরও বলেন, “সুরমা নদীতে পলিথিন ও বর্জ্য ফেলে আমরা নিজেরাই পরিবেশ ধ্বংস করছি। এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ থাকবে না।”


অনুষ্ঠানে তিনি তরুণদের উদ্দেশে বলেন, পরিবেশ রক্ষায় তরুণরাই সবচেয়ে বড় শক্তি। তাদের উদ্ভাবনী চিন্তা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি টেকসই ও সবুজ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।


এবারের সম্মেলনে সিলেটের প্রথম বিভাগীয় পরিবেশ অলিম্পিয়াডসহ মোট ছয়টি একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আলিমুল ইসলাম, আবুল কালাম আজাদ, ড. জসীম উদ্দিন এবং ড. ওমর শরীফ প্রমুখ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15462
Page of