জমকালো আয়োজনে শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর জমকালো সমাপনী: তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত থাকার আহ্বান পুলিশ কমিশনারের
সিলেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর সিলেট জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার (১৫ মে ২০২৬) বিকাল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম এ মালেক, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি।
গত ০২ মে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এ প্রতিযোগিতা ১৫ মে ২০২৬ পর্যন্ত চলমান ছিল। ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে উপজেলা পর্যায় থেকে আগত খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপসহ অংশগ্রহণকারী সফল খেলোয়াড়দের মধ্য থেকে প্রায় ৪০০ ক্রীড়াবিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিশু-কিশোরদের ক্রীড়ামুখী ও সুস্থ জীবনধারা গড়ে তুলতেই এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।