ধলাই দক্ষিণ বালুমহাল ঘিরে উত্তেজনা: অবৈধ উত্তোলন ঠেকাতে কোম্পানীগঞ্জে বিশাল মানববন্ধন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই দক্ষিণ বালুমহাল ইজারাকে কেন্দ্র করে সম্ভাব্য অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আগাম সতর্কবার্তা দিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ ঢালারপাড় ও মোস্তফানগর এলাকাবাসীসহ সর্বসাধারণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল নেতা হযরত আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম। বক্তব্যে তিনি বলেন, গত বছর একটি “কুচক্রী মহল” আওয়ামী সিন্ডিকেটের সহায়তায় ধলাই দক্ষিণ বালুমহালের ইজারা নিয়ে ইজারার বাইরে গিয়ে সরকারি রাস্তা, স্কুল, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানসহ সাধারণ মানুষের বসতভিটা ও রেকর্ডভুক্ত ফসলি জমির ব্যাপক ক্ষতি করেছে।
তিনি আরও বলেন, চলতি বছর সরকার পুনরায় ধলাই দক্ষিণ বালুমহাল ইজারা দিয়েছে। বৈধভাবে লিজকৃত এলাকায় বালু উত্তোলনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “ইজারার বাইরে এসে গ্রামের ভেতরে প্রবেশের চেষ্টা করা হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ ঢালারপাড় মোস্তফানগর নূরে মদিনা সুন্নী দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদ, নানু মিয়া মেম্বার, জসীম উদ্দিন জসু, আব্দুস সামাদ মেম্বার, কাজল মিয়া, মুফতী হোসাইন আহমেদ তাহেরি, মুফতী আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী, ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও আমিনুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, গনি মিয়া, রহমত আলী, হাসান মিয়া, সাদেক মিয়া, রুবেল মিয়া, রুপ মিয়া, হান্নান মিয়া, মানিক মিয়া, নাজির সরকার, বাচ্চু মিয়া, মোজাহিদ মিয়া, মাসুক আহমেদ, সফর মিয়া, অবাইদুল ইসলাম, বাদল মিয়া, সাদু মিয়া, হেলাল মিয়া, কবির মিয়া, শহীদ মিয়া, শরীফ মিয়া, আবু কাশেম, হক মিয়া, গোলাম হোসেন, আলামিন সরকার, সুজন চৌধুরী, মেলন মিয়া, নুর ইসলাম, শাহ আলম ও এনামুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধন থেকে বক্তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন এবং পরিবেশ ও জনবসতি রক্ষায় স্থানীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।