logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৭ মে ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে তিনতলা ভবনে অভিযানে: নারী-শিশুসহ আটক ১৪, ধরা পড়ল দালাল

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ মে ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ মে ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন
জৈন্তাপুরে তিনতলা ভবনে অভিযানে: নারী-শিশুসহ আটক ১৪, ধরা পড়ল দালাল

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে নারী, পুরুষ ও শিশুসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দালালকেও আটক করা হয়েছে।


জানা যায়, রবিবার গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের ১২৮৭ নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তারা। পরে পাচারকারীদের সহায়তায় জৈন্তাপুর সদর এলাকার ভূমি অফিসের বিপরীতে আব্দুল করিম মিয়ার তিনতলা ভবনের একটি কক্ষে তাদের গোপনে রাখা হয়।


রবিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে এলে মানবপাচার চক্রের অন্যতম হোতা মো. হানিফ মিয়া ভবনের তৃতীয় তলা থেকে শাড়ি বেয়ে নিচে নেমে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।


খবর পেয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক লিটন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ও নারী পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘেরাও করে অভিযান চালায়।


দুপুর থেকে শুরু হওয়া অভিযানে ভবনের নিচতলার একটি ইউনিট থেকে ৯ নারী, ৩ পুরুষ ও ২ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়।


আটককৃতরা হলেন—

মো. তানজিম উদ্দিন (২৮), মো. হাফিজুর রহমান (৩৯), হাসান খান, নুরজাহান খাতুন (৩৫), এশা আক্তার (২৫), আমেনা আক্তার পলি (৩৩), নাসরিন আক্তার (২৩), সিমরান সুলতানা, রুমি আক্তার (৩৫), সুমি খাতুন, সোনিয়া বেগম (৩০), সবুরণ নেছা (৪৫) এবং শিশু আমজাদ শেখ (২)।


তাদের বাড়ি সুনামগঞ্জ, পিরোজপুর, খুলনা, ঢাকা, সাতক্ষীরা, নোয়াখালী ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।


এছাড়া মানবপাচারের অভিযোগে আটক করা হয়েছে মো. হানিফ মিয়াকে। তিনি উপজেলার ডিবির হাওড় এলাকার ছায়েদ আলীর ছেলে বলে জানা গেছে।


এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচারের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে হানিফের সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আটকে কাজ করছে পুলিশ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15450
Page of