logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৮ মে ২০২৬ ১১:৪২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, ৪১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা

কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্তঃসত্তা নারীসহ ১৫ জন আহত

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ১১:৪২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ মে ২০২৬ ১১:৪২ অপরাহ্ন
কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্তঃসত্তা নারীসহ ১৫ জন আহত

কানাইঘাট প্রতিনিধি। 

কানাইঘাট উপজেলা-এ পূর্ব বিরোধের জের ধরে প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় অন্তঃসত্তা নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুটের অভিযোগ উঠেছে।


ঘটনাটি ঘটে মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ৫নং বড়চতুল ইউনিয়ন-এর কুড়ারপাড় গ্রাম এলাকায়।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মিসবাহ উদ্দিন-এর পরিবার ও প্রতিপক্ষ মুজিবুর রহমান, আলী আহমদ ও মুহিবুর রহমান গংদের মধ্যে দীর্ঘদিন ধরে এজমাল ফান্ড ও হিসাব সংক্রান্ত বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হলেও বিরোধ পুরোপুরি মিটেনি।


অভিযোগে বলা হয়, ঘটনার রাতে ফখরুল ইসলামকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে তিনি প্রাণ বাঁচাতে ভাই জবরুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। এরপর হামলাকারীরা ওই বাড়িতে ঢুকে ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র দিয়ে ভাঙচুর ও হামলা চালায়। এতে ঘরে থাকা নারী, শিশু ও অন্তঃসত্তা নারীসহ অন্তত ১৫ জন আহত হন।


আহতদের স্থানীয়রা উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। গুরুতর আহত জাবেল আহমদকে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।


এ ঘটনায় প্রবাসীর চাচা ফখরুল ইসলাম বাদী হয়ে বুধবার থানায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০-২৫ জন অজ্ঞাতনামা আসামি করে অভিযোগ দায়ের করেন।


তিনি অভিযোগ করে বলেন, হামলাকারীরা ঘরের ভেতরে ঢুকে নগদ প্রায় দুই লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।


এদিকে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মুতলিব বলেন, এলাকার সাধারণ মানুষের ওপর দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল নির্যাতন চালিয়ে আসছে এবং হামলার ঘটনায় পুরো এলাকা আতঙ্কিত।


আব্দুল মালিক চৌধুরী বলেন, বিরোধ নিষ্পত্তির জন্য একাধিকবার সালিশ করা হলেও কিছু পক্ষ সিদ্ধান্ত মানেনি এবং পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটিয়েছে।


কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15252
Page of