জৈন্তাপুরের দুই যুবকসহ ৩ জন আটক: ১৩৫ বোতল ইসকাফসহ ডিআই পিকআপ জব্দ
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৩৫ বোতল নেশাজাতীয় মাদক ইসকাফসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল রঙের ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়।
গত ২৯ এপ্রিল . রাত সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন দেবপাড়া এলাকার শরিফ নগর মার্কেটের সামনে পাকা সড়কে সন্দেহভাজন একটি ডিআই পিকআপ গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ি থেকে ১৩৫ বোতল নেশাজাতীয় মাদক ইসকাফ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪,৭২,৫০০ টাকা।
অভিযানে মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—বায়জিদ (২৬), পিতা: সফর আলী, মাতা: মরিয়ম বেগম, সাং: ইসলামপুর, থানা: কম্পানিগঞ্জ, জেলা: সিলেট। শিমুল (১৯), পিতা: নিয়ামত উল্লাহ, মাতা: রেহেনা বেগম, সাং: দরবস্থ, থানা: জৈন্তাপুর, মোঃ রায়হান (২১), পিতা: মোঃ ফজলু মিয়া, মাতা: শাবানা বেগম, সাং: দরবস্থ, থানা: জৈন্তাপুর, জেলা: সিলেট
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত।
এক কর্মকর্তা বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।