logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ২০ মার্চ ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

চাল দিতে না পেরে অঝোরে কাঁদলেন ইউপি চেয়ারম্যান

চ্যানেল জৈন্তা নিউজ ২০ মার্চ ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ২০ মার্চ ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন
চাল দিতে না পেরে অঝোরে কাঁদলেন ইউপি চেয়ারম্যান

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও অনিয়মের অভিযোগ উঠেছে। ভিজিএফের চাল দিতে না পেরে অসহায়ত্ব প্রকাশ করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব মন্ডল। এ ঘটনায় তার কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপস্থিত জনতার সামনে চেয়ারম্যান আবু তালেব মন্ডল হাউমাউ করে কাঁদছেন এবং চাল বিতরণে বাধার অভিযোগ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাপমারা ইউনিয়নের জন্য বরাদ্দ ২ হাজার ৭৮৮টি ভিজিএফ স্লিপের মধ্যে ২০ শতাংশ, অর্থাৎ ৫৫৮টি স্লিপ বিএনপির জন্য নির্ধারিত ছিল। বাকি ২ হাজার ২৩০টি স্লিপ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে বণ্টন করা হয়, যেখানে প্রত্যেক সদস্য পান ২০০টি করে স্লিপ। 

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সারোয়ার হোসেন চৌধুরী বরাদ্দ পাওয়ার পরও চেয়ারম্যানের কাছ থেকে ২০০টি এবং প্রতিটি সদস্যের কাছ থেকে ২০টি করে স্লিপ জোরপূর্বক করে নিয়ে নেন। এছাড়া কয়েকজন সদস্যের কাছে অতিরিক্ত স্লিপ দাবি করা হয়, যা নিয়ে বিপাকে পড়েন জনপ্রতিনিধিরা। কারণ তারা আগেই তালিকা তৈরি করে চাল দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। 

সংরক্ষিত নারী সদস্য সুমি আক্তার অভিযোগ করেন, জোর করে স্লিপ নেওয়া হয়েছে এবং পরে আবার অতিরিক্ত দাবি করা হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আরেক নারী সদস্য ফরিদা বেগম জানান, তার কাছে ২০০ জন উপকারভোগীর তালিকা থাকলেও তাকে ৯০টি স্লিপ বিতরণের নির্দেশ দেওয়া হয় এবং কিছু চাল তুলে নেওয়ার চাপ দেওয়া হয়। 

এ বিষয়ে চেয়ারম্যান আবু তালেব মন্ডল বলেন, আমরা ভয়ে স্লিপ দিতে বাধ্য হয়েছি। এরপরও আরও স্লিপ দাবি করা হলে না দেওয়ায় চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয় এবং পরিষদে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। আমি সুষ্ঠুভাবে চাল বিতরণ করতে পারিনি, অসুস্থ হয়ে পড়ি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14179
Page of