logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১৫ মার্চ ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মেডিকেল অফিসার নজরুলকে আমরা ছাড়তে চাই না": সুজানগরে বিশাল মানববন্ধন

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ মার্চ ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ মার্চ ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন
মেডিকেল অফিসার নজরুলকে আমরা ছাড়তে চাই না": সুজানগরে বিশাল মানববন্ধন

রেদওয়ান আহমদ,বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নজরুল ইসলামের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার দুপুরে সুজানগর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


জানা যায়, গত ৪ মার্চ স্বাক্ষরিত বদলি আদেশের চিঠি ৫ মার্চ তাকে ধরিয়ে দিয়ে তিন দিনের মধ্যে, অর্থাৎ ৮ মার্চের মধ্যে নতুন কর্মস্থল শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যোগদানের নির্দেশ দেওয়া হয়। বদলির আদেশটি জারি করেন মৌলভীবাজার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন ভূঁইয়া।

বদলির খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। অনেকেই এই বদলি আদেশকে অমানবিক, ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক বলে মন্তব্য করেন। এর পেছনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকার ইন্ধন থাকার দাবিও করছেন কেউ কেউ।


মানববন্ধনে বক্তারা বলেন, সুজানগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসক নজরুল ইসলাম একজন সৎ ও মানবিক মানুষ। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে এলাকার মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। প্রতিদিন নিজের সামর্থ্য অনুযায়ী অসুস্থ মানুষের পাশে দাঁড়ান এবং সরকারি বরাদ্দের ওষুধ নিয়ম অনুযায়ী রোগীদের মধ্যে বিতরণ করেন।বক্তারা অভিযোগ করে বলেন, এলাকার প্রায় শতভাগ মানুষের তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও ষড়যন্ত্রের মাধ্যমে তাকে বদলি করা হয়েছে। কয়েকজন স্বার্থান্বেষী ও চাঁদাবাজ ব্যক্তি তাদের উদ্দেশ্য পূরণ করতে না পেরে মিথ্যা অভিযোগ এনে তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানববন্ধনে অংশ নেওয়া একজন বলেন, “আমার ভাইয়ের স্ত্রীকে একবার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আমাদের আর্থিক অবস্থা খারাপ দেখে ডাক্তার নজরুল ইসলাম নিজ পকেট থেকে আমাকে ১০ হাজার টাকা দিয়ে সহায়তা করেছিলেন।”

অন্য একজন বলেন, “আমার মায়ের নিয়মিত ওষুধ লাগে। অনেক সময় সরকারি ওষুধ দিয়ে তিনি আমাদের সহায়তা করেন। এমন একজন ভালো ডাক্তারকে আমরা ষড়যন্ত্রের শিকার হতে দিতে চাই না।” একজন বৃদ্ধ অংশগ্রহণকারী বলেন, “আল্লাহ তায়ালা যেন তার মতো আরও ভালো মানুষ সৃষ্টি করেন, যাতে ভবিষ্যৎ প্রজন্মও এভাবে মানবিক চিকিৎসাসেবা পেতে পারে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত নজরুল ইসলামের বদলি আদেশ প্রত্যাহার করে তাকে সুজানগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বহাল রাখার দাবি জানান।


কর্মসূচিতে অবিলম্বে নজরুল ইসলামের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য দেন সুজানগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. বাবুল হোসেন, সহ-সভাপতি তাজ উদ্দিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের আহমদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সমাজসেবক তাজির আহমদ ও রুবেল আহমদ প্রমুখ।


বক্তারা আরোও বলেন, অত্যন্ত নিবেদিতপ্রাণ এই চিকিৎসককে বদলি করলে এই এলাকার সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন। হতদরিদ্র মানুষের ভরসা নজরুল ইসলাম। এলাকাবাসীর স্বার্থে তার বদলি আদেশ প্রত্যাহার করতে হবে। ‘জনস্বার্থবিরোধী’ ও ‘ষড়যন্ত্রমূলক’ এই বদলি আদেশ প্রত্যাহার না করা হলে সুজানগর ইউনিয়নবাসী আরও কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবেন।


উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নজরুল ইসলাম বলেন, “আমাকে একটি ষড়যন্ত্রের মাধ্যমে বদলির আদেশ দেওয়া হয়েছে বলে আমি মনে করি। দীর্ঘদিন ধরে সুজানগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দায়িত্ব পালন করে এলাকার সাধারণ মানুষের সেবা দিয়ে আসছি। হঠাৎ করে এ ধরনের বদলির আদেশ আমাকে বিস্মিত করেছে। তবে সুজানগর ইউনিয়নবাসীর উদ্যোগে আমার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে আমি আগে থেকে অবগত ছিলাম না। এটি সম্পূর্ণভাবে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উদ্যোগ বলে আমি জানতে পেরেছি।”


এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকা রোববার সকালে বলেন, “মানববন্ধনের বিষয়ে আমি অবগত নই। নজরুল সাহেবকে কেন বদলি করা হয়েছে, সে বিষয়টিও আমার জানা নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি বদলির আদেশ দিয়েছেন, তিনি এ বিষয়ে ভালো বলতে পারবেন। আমার কাছে তার বিরুদ্ধে অফিসিয়ালি কোনো অভিযোগ আসেনি।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14051
Page of