পরিবেশ রক্ষায় গবেষণা ও আন্দোলন জোরদারের আহ্বান, সিলেটে বাংলাদেশ পরিবেশ গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশনের সভা
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
পরিবেশ রক্ষায় সচেতনতা, গবেষণা ও সম্মিলিত আন্দোলন জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। তাঁরা বলেছেন, পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশুদ্ধ পানি, নির্মল বাতাস ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে এখনই পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ পরিবেশ গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মুক্তাদীর। পরিচালনা করেন সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ মাসুম।
বক্তারা বলেন, মানুষ যে মাটিতে হাঁটে, যে বাতাসে নিঃশ্বাস নেয় এবং যে পানি পান করে জীবন ধারণ করে, সেই প্রকৃতিই আজ মানুষের কর্মকাণ্ডে বিপর্যস্ত হচ্ছে। পরিবেশ আন্দোলন শুধু বৃক্ষরোপণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নিজের পরিবেশ, প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষার সম্মিলিত প্রচেষ্টাই প্রকৃত পরিবেশ আন্দোলন।
তাঁরা আরও বলেন, আজ যদি পরিবেশ রক্ষায় আমরা সচেতন না হই, তাহলে আগামী প্রজন্ম বিশুদ্ধ পানি ও নির্মল বাতাস থেকে বঞ্চিত হবে। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় পরিবেশ রক্ষার আন্দোলন ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করতে হবে।
সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সুরমা নদী, পাহাড়, হাওর ও জাফলংয়ের সাদাপাথরসহ গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ জরুরি। সিলেট তথা বাংলাদেশকে কংক্রিটের জঙ্গলে পরিণত হওয়া থেকে রক্ষা করতে পরিবেশবান্ধব উন্নয়ন, সচেতনতা সৃষ্টি এবং গবেষণাভিত্তিক কার্যক্রম বাড়াতে হবে। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
সভায় বক্তব্য দেন সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বদরুর রহমান বাবর, সংগঠনের সিনিয়র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডা. জসিম উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহিনূর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিন, পরিবেশ গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ আলমগীর ও দপ্তর সম্পাদক ফয়জুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রমের পরিকল্পনা, বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিবেশ সংরক্ষণে গবেষণা, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।