logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৫ নভেম্বর ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

হাইওয়ে পুলিশের দুই থানা পরিদর্শনে অতিরিক্ত আইজিপি, সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ নভেম্বর ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ নভেম্বর ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন
হাইওয়ে পুলিশের দুই থানা পরিদর্শনে অতিরিক্ত আইজিপি, সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক:

হাইওয়ে পুলিশের ভৈরব ও খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) মো. সায়েদুর রহমান। বুধবার (২৫ নভেম্বর) তিনি থানা দুটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত দেন।


বুধবার দুপুর ১টায় ভৈরব হাইওয়ে থানা এবং বিকেল ৪টায় খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করেন তিনি।


পরিদর্শনকালে তিনি থানা দুটির ব্যারাক, অস্ত্রাগার, রান্নাঘর ও মামলার আলামত সংরক্ষণের স্থান ঘুরে দেখেন। পাশাপাশি বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করেন এবং পরিদর্শন বইয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনাসংবলিত মন্তব্য লিপিবদ্ধ করেন।


এ সময় তিনি দুই থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তাদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে বিভিন্ন সিদ্ধান্ত প্রদান করেন।


মতবিনিময়কালে অতিরিক্ত আইজিপি পেশাদারিত্ব, সততা, কর্তব্যনিষ্ঠা ও জনসেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মুলতবি মামলার আলামত নিষ্পত্তি, আইন প্রয়োগ, মহাসড়কে যানজট নিরসন এবং অপরাধ প্রতিরোধে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের বিষয়ে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


এ ছাড়া খাঁটিহাতা হাইওয়ে থানা এলাকার স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা।


উল্লেখ্য, অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমান তিন দিনের সিলেট রিজিয়ন সফরে রয়েছেন। সফরকালে তিনি হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শন করবেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19192
Page of