logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৪ নভেম্বর ২০২৬ ০৬:৪৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দোয়ারাবাজারে রাতের আঁধারে কৃষকের শিমক্ষেত সাবাড়, ৮ লাখ টাকার ক্ষতির অভিযোগ

চ্যানেল জৈন্তা নিউজ ২৪ নভেম্বর ২০২৬ ০৬:৪৯ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৪ নভেম্বর ২০২৬ ০৬:৪৯ অপরাহ্ন
দোয়ারাবাজারে রাতের আঁধারে কৃষকের শিমক্ষেত সাবাড়, ৮ লাখ টাকার ক্ষতির অভিযোগ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ববিরোধের জেরে এক কৃষকের তিন কেদার জমির ফলন্ত শিমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক মো. ফুরকান মিয়া (৬০)। এ ঘটনায় একই গ্রামের একটি পরিবারের তিনজনকে অভিযুক্ত করে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।


মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাপন গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


অভিযোগ সূত্রে জানা যায়, ফুরকান মিয়া তাঁর বসতবাড়ির পূর্ব পাশে প্রায় তিন কেদার জমিতে শিমের চাষ করেছিলেন। গাছগুলোতে শিম ধরতে শুরু করেছিল। এরই মধ্যে অভিযুক্তদের চারটি ছাগল তাঁর শিমক্ষেতে ঢুকে গাছের ক্ষতি করতে থাকে। এ সময় তিনি দুটি ছাগল আটক করলে অভিযুক্তরা এসে ছাগল দুটি ছাড়িয়ে নেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।


ফুরকান মিয়ার অভিযোগ, গত ২৩ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টার দিকে শিমক্ষেতে কাজ শেষে তিনি বাড়িতে চলে যান। পরদিন ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে ক্ষেতে গিয়ে দেখেন, তাঁর রোপণ করা শিমগাছগুলো কেটে ক্ষেতের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে। এতে তাঁর প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।


পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে সন্দেহ করছেন ফুরকান মিয়া। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে একই গ্রামের মো. জসিম উদ্দিন (৩০), তাঁর বাবা মো. শাহানুর মিয়া (৫৫) ও মা ফুলবানুকে (৫০) অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাঁদের মতে, ফসলি জমির ফলন্ত গাছ কেটে ফেলার অভিযোগ অত্যন্ত গুরুতর। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।


এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ বলেন, বিচার-সালিশি বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে অভিযুক্ত জসিম উদ্দিন পলাতক রয়েছেন।


অন্যদিকে, অভিযুক্ত জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে তাঁর মা ফুলবানুর সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘এই গ্রামের সবাই আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করার পাঁয়তারা করছে। আমার ছেলে সকালে কাজে চলে গেছে।’


তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত জসিম উদ্দিনের সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।


দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, ‘শিমগাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19178
Page of