logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২০ নভেম্বর ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
দুই স্কুলছাত্রের নজরে আসে ঘটনা, গ্রামবাসীর হাতে আটক হয়ে পুলিশের হেফাজতে সাদিকুর রহমান

লেপের নিচ থেকে উদ্ধার ১৩ বছরের কিশোরী, ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ইমাম

চ্যানেল জৈন্তা নিউজ ২০ নভেম্বর ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২০ নভেম্বর ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন
লেপের নিচ থেকে উদ্ধার ১৩ বছরের কিশোরী, ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ইমাম

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাদিকুর রহমান (৪২) নামের এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের একটি মসজিদের ইমামের কক্ষের বিছানার লেপের নিচ থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে বিকেলে অভিযুক্ত ইমামকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


আটক সাদিকুর রহমান ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদে প্রায় ১১ মাস ধরে ইমামতি করছেন। তাঁর বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওই কিশোরী গ্রামের একটি দোকান থেকে চা-পাতা আনতে যাওয়ার পথে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় ইমাম তাকে জোর করে নিজের কক্ষে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি গ্রামের দুই স্কুলছাত্রের নজরে এলে তারা আশপাশের লোকজনকে বিষয়টি জানায়।


খবর পেয়ে স্থানীয় লোকজন মসজিদের ইমামের কক্ষে গিয়ে বিছানার লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত ইমামকে আটক করে রাখেন তাঁরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।


কিশোরীর অভিযোগ, ইমাম তাকে কক্ষে নিয়ে যাওয়ার পর মুখ চেপে ধরেন এবং চিৎকার করতে চাইলে বাধা দেন। অন্যদিকে, অভিযুক্ত ইমাম কিশোরীর হাত ধরার কথা স্বীকার করলেও ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, কিশোরী নিজেই তাঁর কক্ষে প্রবেশ করেছিল এবং লোকজন দেখে ফেলতে পারে—এমন আশঙ্কায় তিনি তাকে লেপ দিয়ে ঢেকে রেখেছিলেন।


কিশোরীকে উদ্ধারে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা নাজির উদ্দিন জানান, সকালে দুই স্কুলছাত্র এসে তাঁদের জানায়, ইমাম ওই কিশোরীকে টেনে নিজের কক্ষে নিয়ে গেছেন। পরে তাঁরা সেখানে গিয়ে লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। এ সময় ইমাম কিশোরীর হাত ধরার কথা স্বীকার করেন বলে জানান তিনি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমামকে আটক করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে আসার পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19104
Page of