logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ১৩ নভেম্বর ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ভুটান সফরে ১৮৫ দেশের মাইলফলক, বিশ্বভ্রমণে অনন্য নাজমুন নাহার

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ নভেম্বর ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ নভেম্বর ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ন
ভুটান সফরে ১৮৫ দেশের মাইলফলক, বিশ্বভ্রমণে অনন্য নাজমুন নাহার

বাংলাদেশের লাল-সবুজের পতাকা হাতে বিশ্বভ্রমণে নতুন ইতিহাস গড়েছেন লক্ষ্মীপুরের মেয়ে পরিব্রাজক নাজমুন নাহার। দীর্ঘ ২৬ বছরের অভিযাত্রায় ১৮৫টি দেশ ভ্রমণের মাইলফলক অর্জন করেছেন তিনি। গত ৭ আগস্ট ভুটান সফরের মধ্য দিয়ে তাঁর দেশ ভ্রমণের সংখ্যা ১৮৫-তে পৌঁছায়। বিভিন্ন সংবাদমাধ্যম তাঁকে প্রথম বাংলাদেশি এবং বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে এই মাইলফলক অর্জনকারী বলে উল্লেখ করেছে।


নাজমুন নাহারের জন্ম লক্ষ্মীপুর সদর উপজেলার গঙ্গাপুর গ্রামে। ছোটবেলা থেকেই বই পড়া, বিভিন্ন দেশ, প্রকৃতি ও মানুষের জীবনযাপন সম্পর্কে জানার প্রতি তাঁর ছিল প্রবল আগ্রহ। সেই আগ্রহ থেকেই বিশ্বভ্রমণের স্বপ্ন দেখেন তিনি। ২০০০ সালে ভারতের পাঁচমারিতে অনুষ্ঠিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় তাঁর আন্তর্জাতিক অভিযাত্রা।


দীর্ঘ এই যাত্রায় নানা প্রতিকূলতা, অনিশ্চয়তা ও জীবনঝুঁকি মোকাবিলা করেছেন তিনি। একক ভ্রমণকারী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরেছেন। বিশেষ করে স্থলবেষ্টিত দেশগুলো সড়কপথে পাড়ি দিয়েছেন দুর্গম সীমান্ত ও দীর্ঘ পথ অতিক্রম করে। তাঁর অভিযাত্রায় বিশ্বের ১ হাজার ২৯৪টির বেশি স্থানে উড়েছে বাংলাদেশের লাল-সবুজের পতাকা। পাহাড়-পর্বত, মরুভূমি, সাগর-মহাসাগর, দ্বীপ, প্রাকৃতিক বিস্ময় ও ঐতিহাসিক স্থানে বাংলাদেশের পতাকা তুলে ধরেছেন তিনি।


দেশ ভ্রমণের মাইলফলকগুলোও এসেছে ধারাবাহিকভাবে। ২০১৮ সালের ১ জুন জিম্বাবুয়ে সফরের মধ্য দিয়ে ১০০তম দেশ ভ্রমণ করেন তিনি। ২০২১ সালের ৬ অক্টোবর সাও টোমে ও প্রিন্সিপে সফরে ১৫০তম দেশ পূর্ণ করেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভানুয়াতু সফরের মাধ্যমে তাঁর ভ্রমণসংখ্যা দাঁড়ায় ১৭৫। এরপর ২০২৫ সালের ডিসেম্বরে বাহামা সফরের মধ্য দিয়ে ১৮৪টি দেশ ভ্রমণ করেন। সর্বশেষ ২০২৬ সালের ৭ আগস্ট ভুটান সফরে ১৮৫তম দেশের মাইলফলক স্পর্শ করেন।


শুধু দেশ ভ্রমণ নয়, প্রতিটি অভিযাত্রায় বাংলাদেশের পরিচয়, ইতিহাস ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার চেষ্টা করেছেন নাজমুন নাহার। বিশ্বশান্তি প্রতিষ্ঠা, পরিবেশ সুরক্ষা এবং বাল্যবিবাহ বন্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁর প্রচারণার মূল বার্তা—‘নো ওয়ার, অনলি পিস; সেভ দ্য প্ল্যানেট, স্টপ চাইল্ড ম্যারেজ’।


উচ্চশিক্ষার ক্ষেত্রেও রয়েছে তাঁর সাফল্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পরে ২০০৬ সালে শিক্ষাবৃত্তি নিয়ে সুইডেনে যান। সেখানকার লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে এশিয়ান স্টাডিজ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয়েও মানবাধিকার ও এশিয়া বিষয়ে পড়াশোনা করেছেন তিনি।


বিশ্বের শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিয়েছেন নাজমুন নাহার। এসব আয়োজনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, ঐতিহ্য ও অর্জনের কথা তুলে ধরেছেন। পাশাপাশি তরুণদের সাহস, আত্মবিশ্বাস, নেতৃত্ব, মানবিক মূল্যবোধ এবং স্বপ্নপূরণে দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক টেডএক্সের মঞ্চেও বক্তব্য দিয়েছেন তিনি।


মানবিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন এই অভিযাত্রী। যুক্তরাজ্যভিত্তিক ‘সাফার ফর পিস’-এর শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন তিনি। প্রতিষ্ঠানটি ২৬টি দাতব্য সংস্থার প্রতিনিধিত্ব করে। যুদ্ধকবলিত শিশুদের সহায়তা এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন উদ্যোগেও অংশ নিয়েছেন নাজমুন।


ভ্রমণ ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৭০টির বেশি সম্মাননা ও পুরস্কার পেয়েছেন তিনি। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র থেকে পান ‘পিস টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড’। ২০১৮ সালে জাম্বিয়া সরকার তাঁকে ‘ফ্ল্যাগ গার্ল’ উপাধিতে ভূষিত করে। ২০২৩ সালে সেন্ট লুসিয়ার প্রধানমন্ত্রী ফিলিপ জে পিয়েরে তাঁকে ‘ব্রেভ গার্ল’ উপাধিতে সম্মানিত করেন।


লক্ষ্মীপুরের মাটি থেকে উঠে এসে ১৮৫টি দেশ ভ্রমণের এই অর্জন শুধু নাজমুন নাহারের ব্যক্তিগত সাফল্য নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি তুলে ধরারও এক উল্লেখযোগ্য ঘটনা। লাল-সবুজের পতাকা হাতে তাঁর দীর্ঘ অভিযাত্রা নতুন প্রজন্মের কাছে সাহস, অধ্যবসায় ও স্বপ্নপূরণের অনুপ্রেরণা হয়ে থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18953
Page of