সিলেট সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির জিরো টলারেন্স, অস্ত্র-গুলিসহ আটক ২ ভারতীয়
সিলেট :
সিলেটের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা জোরদারে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হচ্ছে। এরই মধ্যে জৈন্তাপুরের মিনাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি মোবাইল ফোনসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
রাতের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর ফলে দুর্গম ও অন্ধকার এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
সীমান্ত সুরক্ষায় সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করে বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত, সন্দেহভাজন বা বিতর্কিত কাউকে চলাফেরা করতে দেখলে কিংবা কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে দ্রুত বিজিবিকে জানাতে হবে। স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে বিজিবি কাজ করে যাচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার (১১ নভেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এসের মধ্যবর্তী স্থান দিয়ে দুই ভারতীয় নাগরিক শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা প্রায় ১৫০ গজ ভেতরে আনারস বাগান নামক এলাকায় অবস্থান করছিলেন।
এ সময় ওই এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটক ব্যক্তিরা হলেন বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)। তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা এবং দুটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অস্ত্র ও গুলিসহ বাংলাদেশে প্রবেশের অভিযোগে আটক দুই ভারতীয় নাগরিককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও অন্যান্য অবৈধ তৎপরতা প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।