মালয়েশিয়ায় ট্রাকচাপায় জকিগঞ্জের রাজন নিহত, এক মাসের সন্তান দেখল না বাবার মুখ
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
পরিবারের মুখে হাসি ফোটাতে জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। স্বপ্ন ছিল প্রবাসের আয় দিয়ে স্বজনদের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের জকিগঞ্জের প্রবাসী যুবক রাজন বিশ্বাস। মৃত্যুর আগে একবারের জন্যও দেখা হলো না মাত্র এক মাস আগে জন্ম নেওয়া ছেলেসন্তানের মুখ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুরের দিকে মালয়েশিয়ার বান্তিং (Banting) হাইওয়ে সড়কে মালবাহী একটি ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে মারা যান রাজন বিশ্বাস। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের মির্জারচক গ্রামের ভূষণ বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন ভাই ও দুই বোনের মধ্যে রাজন ছিলেন সবার বড়। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে স্বজনদের ভালো রাখার প্রত্যাশায় জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। প্রায় ১১ মাস আগে ছুটি কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যান। এরই মধ্যে এক মাস আগে তাঁর ঘর আলো করে জন্ম নেয় একটি পুত্রসন্তান। সন্তান জন্মের খবর পেলেও তাকে নিজের চোখে দেখার সুযোগ হয়নি রাজনের। শেষ পর্যন্ত সন্তানটির মুখ দেখার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।
রাজনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও হিন্দু সম্প্রদায়ের ঐক্যবদ্ধতার নেতা রাজস বিশ্বাস। তিনি জানান, রাজনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে মালয়েশিয়ায় তাঁর কর্মরত কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দেশটির আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহ দেশে পাঠানোর বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে কবে নাগাদ মরদেহ দেশে ফিরবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে রাজনের আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে। স্ত্রী, এক মাসের শিশুসন্তান ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। তাঁর এমন অকাল মৃত্যুতে মির্জারচক গ্রামসহ পুরো জকিগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমানো রাজন নিজেই আর ফিরলেন না জীবিত অবস্থায়। বাবার আদর-স্নেহ পাওয়ার আগেই পিতৃহারা হলো তাঁর এক মাসের শিশুসন্তান।