বিটিভিতে লোকসংগীত শিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণিতে উন্নীত হলেন সিলেটের শামীম আহমদ
সিলেট : বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) লোকসংগীত শিল্পী হিসেবে শ্রেণি উন্নীত হয়েছে সিলেটের সংগীতশিল্পী মোঃ শামীম আহমদের। বিটিভির গ্রেডেশন ও পুনর্মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে তাঁকে ‘ক’ শ্রেণি থেকে ‘উচ্চ’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে।
গত ২৩ জুন বাংলাদেশ টেলিভিশনের সংগীত বিভাগের পক্ষ থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বিটিভির স্মারক নম্বর বিটিভি/সংগীত-১২ (অংশ-০৩)/অডিশন-গ্রেডেশন/২০২৩/৬২(৫৭)-এর মাধ্যমে শামীম আহমদকে শ্রেণি উন্নীতকরণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ টেলিভিশনের বিদ্যমান গ্রেডেশন ও পুনর্মূল্যায়ন নীতিমালা অনুযায়ী বোর্ডের সুপারিশক্রমে তাঁকে লোকসংগীত শিল্পী হিসেবে ‘ক’ শ্রেণি থেকে ‘উচ্চ’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। একই সঙ্গে তাঁর সংগীতজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সার্বিক সাফল্য কামনা করা হয় এবং বিটিভির অনুষ্ঠানমালাকে আরও মানসম্পন্ন ও সমৃদ্ধ করতে তাঁর সৃজনশীল সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
চিঠিতে স্বাক্ষর করেন বিটিভির সংগীত বিভাগের কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার ও গ্রেডেশন/পুনর্মূল্যায়ন কমিটির সদস্য-সচিব মোহাম্মদ মনিরুল হাসান।
সিলেটের ভতালিয়ার বাসিন্দা শামীম আহমদের এই শ্রেণি উন্নীতকরণ তাঁর সংগীতচর্চার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। বিটিভির মতো জাতীয় সম্প্রচারমাধ্যমে লোকসংগীত শিল্পী হিসেবে উচ্চতর শ্রেণি অর্জন তাঁর সংগীতজীবনে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।