logo
চ্যানেল জৈন্তা নিউজ
স্বাস্থ্যসেবা ০১ নভেম্বর ২০২৬ ০৩:৩৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
চলতি বছরে মৃত্যু ৪১৯, হাসপাতালে ভর্তি ১ লাখ ৩৫ হাজার; এক মাসে আক্রান্ত ৫৬ হাজারের বেশি

ডেঙ্গুতে ভয়াবহ অক্টোবর, এক মাসেই প্রাণ গেল ১৭৪ জনের

চ্যানেল জৈন্তা নিউজ ০১ নভেম্বর ২০২৬ ০৩:৩৪ পূর্বাহ্ন স্বাস্থ্যসেবা
চ্যানেল জৈন্তা নিউজ ০১ নভেম্বর ২০২৬ ০৩:৩৪ পূর্বাহ্ন
ডেঙ্গুতে ভয়াবহ অক্টোবর, এক মাসেই প্রাণ গেল ১৭৪ জনের

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি বছরের অক্টোবর মাসে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৭৪ জন। এক মাসে মৃত্যুর এই সংখ্যা ২০২৬ সালের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৯ জনে, যা গত ২০২৫ সালের পুরো বছরের ৪১৩ জনের মৃত্যুকেও ছাড়িয়ে গেছে।


শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্যের বরাতে এ চিত্র তুলে ধরেছে সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।


প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৫ হাজার রোগী। তাঁদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৩৪৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।


অক্টোবর মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা আগের মাস সেপ্টেম্বরকেও ছাড়িয়ে গেছে। সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছিল। আর অক্টোবরে মারা গেছেন ১৭৪ জন। অর্থাৎ এক মাসের ব্যবধানে মৃত্যুর সংখ্যা বেড়েছে ২৬ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। সবশেষ অক্টোবরে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে।


এদিকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ডিসেম্বরের আগে দেশে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা কম। ফলে নভেম্বর মাসেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ রয়েছে।


ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছে। পাশাপাশি দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং জ্বর দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতি ইতোমধ্যে গত বছরের মোট মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে গেছে। অক্টোবরের এই ভয়াবহ প্রাণহানি জনস্বাস্থ্যের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18471
Page of