logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৯ অক্টোবর ২০২৬ ১২:১৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
শিক্ষার পরিবেশ, নৈতিকতা ও অবকাঠামোগত উন্নয়নে শিক্ষক-অভিভাবক-সুধীজনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

ওসমানীনগরের দারুল উলুম ইসলাহুল বানাত মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ অক্টোবর ২০২৬ ১২:১৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ অক্টোবর ২০২৬ ১২:১৭ অপরাহ্ন
ওসমানীনগরের দারুল উলুম ইসলাহুল বানাত মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:


সিলেটের ওসমানীনগরের দারুল উলুম ইসলাহুল বানাত ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, চলমান কার্যক্রমের মূল্যায়ন এবং উন্নয়ন প্রকল্প পরিদর্শন উপলক্ষে অভিভাবক, সুহৃদজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মো. হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় গভর্নিং বডির সদস্য, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক, সাবেক শিক্ষার্থী, সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মাহদি হাসান। স্বাগত ও তথ্যবহুল বক্তব্য দেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী। তিনি প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের ফলাফল, অবকাঠামোগত উন্নয়ন, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেন।


অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক মো. আতাউর রহমান।


শিক্ষার মান ও নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ


শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন আরবি বিভাগের প্রভাষক আমান উল্লাহ ও নুর উদ্দীন, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক তারেক এবং আরবি বিভাগের সহকারী অধ্যাপক ওয়ারিছ উদ্দীন আল মামুন।


বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠদান কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার আহ্বান জানান।


উন্নয়নে সম্মিলিত সহযোগিতার আহ্বান


অভিভাবক ও সুধীজনের পক্ষে বক্তব্য দেন মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও সমাজসেবক মো. জামাল উদ্দিন চৌধুরী, আব্দুল মুকিত মেম্বার, আব্দুল হক, কাজী খলিলুর রহমান, আহামদুর রহমান সুমন, সাজ্জাদুর রহমান এবং মো. হুমায়ুন রশিদ চৌধুরী।


বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক বিকাশ এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে বিভিন্ন পরামর্শ দেন। তাঁরা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।


গভর্নিং বডির সদস্যদের মতামত


সভায় গভর্নিং বডির সদস্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সদস্য মো. হাবিবুর রহমান চৌধুরী, সহসভাপতি মাইদুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য সাদেক মিয়া—সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সিলেট সিটি করপোরেশন—এবং বড় ধিরারাই আবুল কাশেম কলেজের প্রভাষক ছইদুর রহমান চৌধুরী। এ ছাড়া গভর্নিং বডির একজন অভিভাবক সদস্যাও সভায় অংশ নেন।


বক্তারা মাদ্রাসার চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, পাঠদানের মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।


তাঁরা বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও স্থানীয় সুধীজনের সমন্বিত ভূমিকা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টায় দারুল উলুম ইসলাহুল বানাত ফাজিল মাদ্রাসাকে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব।


সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক ওয়ারিছ উদ্দীন আল মামুন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের মঙ্গল কামনা করা হয়। পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18399
Page of