সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি ঘোষণা, আহ্বায়ক ডিসিপত্নী
সিলেট : সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। কমিটিতে জেলা প্রশাসকের পত্নীকে আহ্বায়ক এবং আলেয়া ফেরদৌসী তুলিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন, এনডিসি স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে পুলিশ সুপারের পত্নী ও সালেহা কবির শেল্পীকে সহসভাপতি হিসেবে রাখা হয়েছে। আলেয়া ফেরদৌসী তুলি সাধারণ সম্পাদক, ফেরদৌসি ইকবাল যুগ্ম সম্পাদক এবং ফারাজানা বক্ত রায়না কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন সুলতানা রহমান দিনা, তাহসিন শারমিন তামান্না ও ফাতেমা জামান রোজী।
জাতীয় ক্রীড়া পরিষদের পত্রে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার আওতায় পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।
অনুমোদিত অ্যাডহক কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের এ অনুমোদনের মাধ্যমে সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হলো।