logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১০ অক্টোবর ২০২৬ ০৭:৩৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কোম্পানীগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী ৯ জন

চ্যানেল জৈন্তা নিউজ ১০ অক্টোবর ২০২৬ ০৭:৩৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১০ অক্টোবর ২০২৬ ০৭:৩৭ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী ৯ জন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি, মো. জয়নাল আবেদীন: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।


শনিবার (১০ অক্টোবর) বেলা আড়াইটায় উপজেলার শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।


১ নম্বর পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবির সভাপতিত্বে সভায় যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেবুল আহমদ ও যুগ্ম সম্পাদক ইয়াসিন আলী।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান মনাফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বুরহান উদ্দিন খন্দকার ও সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা। এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সভায় আসন্ন ১ নম্বর পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে নয়জনের নাম উঠে আসে। তাঁরা হলেন—উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান মনাফ, উপজেলা বিএনপির সহসভাপতি কাইয়ুম মাস্টার, ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি, উপজেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক উসমান খাঁ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম, ইউনিয়ন বিএনপির সদস্য ইলিয়াছ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন তালুকদার এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আ. মতিন।


এ ছাড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদেও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজেদের আগ্রহ প্রকাশ করেন।


সভায় স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম, সম্ভাব্য প্রার্থী এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখার বিষয়টি সভায় গুরুত্ব পায়।


এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনেও বিএনপির তিন নেতা মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন। তাঁরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিন এবং সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18079
Page of