logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
বালুর ট্রাকে অভিনব কায়দায় শাড়ি পাচার: ৪,৩৪১ পিস ভারতীয় শাড়িসহ আটক ১

জৈন্তাপুরে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, ট্রাকসহ আটক ১

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২১ অপরাহ্ন
জৈন্তাপুরে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, ট্রাকসহ আটক ১

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি


সিলেটের জৈন্তাপুরে বালুভর্তি ট্রাকে অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় ১ কোটি ৩০ লাখ ২৩ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় মো. আলাল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সঙ্গে শাড়ি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।


বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে জৈন্তাপুর থানাধীন ১ নম্বর নিজপাট ইউনিয়নের নয়াখেল সাকিনস্থ সারী নদীর ব্রিজের উত্তর পাড়ে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল চেকপোস্টে একটি বালুভর্তি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাকটিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা শাড়ির আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ ২৩ হাজার টাকা।


আটক মো. আলাল (৩৫) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের পাঁচ সেউতী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সিদ্দেক আলী।


পুলিশ আরও জানায়, শাড়ি পরিবহনে ব্যবহৃত হলুদ রঙের বড় ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-১৮-৬৫৯১। ট্রাকটির আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।


এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-২৯, তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬। মামলায় The Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D ধারা উল্লেখ করা হয়েছে।


জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বালুভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


পুলিশের ভাষ্য, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশ আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17940
Page of