সিলেট সীমান্তে ৭১ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক
সিলেট: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, মদ, শাড়ি, জিরা, চকলেট ও একটি মোটরসাইকেলসহ প্রায় ৭১ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।
বিজিবি জানায়, বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, শ্রীপুর, প্রতাপপুর ও তামাবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় গরু, মদ, শাড়ি, জিরা, চকলেট ও মোটরসাইকেলসহ বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৭১ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।