logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৫১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জনগণকে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে: উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৫১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৫১ অপরাহ্ন
জনগণকে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে: উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী

সিলেট :

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, ডিজিটাল যুগে শুধু তথ্য পাওয়াই যথেষ্ট নয়; জনগণকে সময়োপযোগী, নির্ভরযোগ্য, যাচাইযোগ্য ও বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। তথ্যের অবাধ প্রবাহ বাধাগ্রস্ত হলে গুজব, ভুল তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়।


সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট অনলাইন প্রেসক্লাব এ সভার আয়োজন করে। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেন, অপতথ্য রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। ভুল তথ্য, অপতথ্য ও বিভ্রান্তিকর সংবাদ ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। তাই জনগণকে সঠিক তথ্য সরবরাহ করতে হবে। এ ক্ষেত্রে অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি।


তিনি আরও বলেন, দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বৈষম্য দূরীকরণের জন্য শিক্ষার্থীসহ অনেক মানুষ প্রাণ হারিয়েছেন উল্লেখ করে তিনি দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


সভায় বিশেষ অতিথির বক্তব্যে আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের তথ্য অফিসার মো. আকিকুর রেজা বলেন, তথ্য পাওয়া সবার অধিকার। কেউ তথ্য না জানলে সেই তথ্যের গ্রহণযোগ্যতা বা কার্যকারিতা থাকে না। তথ্য পাওয়া ও প্রদানের ক্ষেত্রে সরকারি দপ্তরগুলোর দায়বদ্ধতা রয়েছে।


তিনি বলেন, কোনো সরকারি দপ্তর পূর্ণাঙ্গ তথ্যের পরিবর্তে আংশিক তথ্য দিলে বা তথ্য গোপন করলে সেখান থেকে গুজব ও অপতথ্য ছড়িয়ে পড়ার সুযোগ সৃষ্টি হয়। তাই জনগণকে তথ্য দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও দায়িত্বশীল হতে হবে।


অপতথ্য ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে মো. আকিকুর রেজা বলেন, তথ্য প্রকাশের আগে তা যাচাই বা ফ্যাক্ট-চেকিং করে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া উচিত।


সভায় বক্তারা বলেন, তথ্য পাওয়া যেমন মানুষের অধিকার, তেমনি ভুল তথ্য প্রচার না করার বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেক গণমাধ্যমের নামে পেজ খুলে মানুষের চরিত্রহনন ও অপপ্রচারের ঘটনাও ঘটছে। এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ প্রয়োজন।


সভাপতির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেন, জনগণকে সেবা দিতে হলে সরকারি-বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানে তথ্য প্রদানকারী কর্মকর্তার পরিচয় দৃশ্যমান রাখতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম, পদবি ও যোগাযোগের নম্বর থাকা প্রয়োজন।


তিনি আরও বলেন, কেউ যাতে ডিজিটাল নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সংবাদকর্মীদের সজাগ থাকতে হবে। শুধু ভিউ বা জনপ্রিয়তাকে সংবাদমাধ্যমের মানদণ্ড হিসেবে বিবেচনা না করে জনগণকে সঠিক তথ্য দেওয়ার বিষয়টি গুরুত্ব দিতে হবে।


আলোচনা সভায় একাত্তর টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুল মুহিত দিদার, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক ফয়েজ আহমেদ, ক্লাব সদস্য শেখ জাবেদ আহমদসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।


এবারের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য ছিল—‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ (Upholding Information Integrity in the Digital Age: The Role of Access to Information in Addressing Information Disorder)।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17922
Page of