logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কমিউনিটি ব্যাংককে জনআস্থা অর্জন ও সামাজিক দায়বদ্ধতার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩১ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩১ অপরাহ্ন
কমিউনিটি ব্যাংককে জনআস্থা অর্জন ও সামাজিক দায়বদ্ধতার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা:

জনগণের পূর্ণ আস্থা অর্জন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমে কমিউনিটি ব্যাংক পিএলসিকে দেশের অন্যতম শীর্ষ ব্যাংকে পরিণত করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কমিউনিটি ব্যাংক পিএলসির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শৃঙ্খলাবদ্ধ বাহিনীর মাধ্যমে পরিচালিত ব্যাংকিং প্রতিষ্ঠানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো নিয়ম-কানুন ও শৃঙ্খলা বজায় রাখা। কমিউনিটি ব্যাংকের নন-পারফর্মিং অ্যাসেট বা খেলাপি ঋণের স্বল্প হারের প্রশংসা করে তিনি বলেন, এটি দেশের ব্যাংকিং খাতের জন্য একটি অনন্য দৃষ্টান্ত এবং ব্যাংকের শৃঙ্খলারই বহিঃপ্রকাশ।


তিনি বলেন, জনগণের আস্থা ও আমানত বৃদ্ধি করতে কমিউনিটি ব্যাংকের কার্যক্রম শুধু পুলিশ সদস্যদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সাধারণ আমানতকারী ও ব্যবসায়ীরা যাতে নিশ্চিন্তে ও আস্থার সঙ্গে এ ব্যাংকে আমানত রাখতে পারেন, সে ধরনের পরিবেশ তৈরি করতে হবে।


গ্রাহকসেবার বিষয়ে গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ঋণ প্রক্রিয়া, জামানত ও ঋণ বিতরণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় শর্ত বা জটিলতা পরিহার করতে হবে। বিশ্বস্ত গ্রাহকদের সহজ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিউনিটি ব্যাংকের লক্ষ্য শুধু মুনাফা অর্জন হওয়া উচিত নয়; বরং কত বেশি সাধারণ মানুষকে মানসম্মত ব্যাংকিং সেবা দেওয়া গেল, সেটিও গুরুত্বপূর্ণ। সাধারণ ব্যাংকিং খাতের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, অনেক প্রতিষ্ঠানের কাছে বছরের শেষে মুনাফার পরিমাণই মুখ্য হয়ে ওঠে। তবে কমিউনিটি ব্যাংকের ক্ষেত্রে জনসেবা ও মানুষের আস্থা অর্জনকে সমান গুরুত্ব দিতে হবে।


ব্যাংকের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) ফান্ড ব্যবহারের বিষয়ে মন্ত্রী বলেন, সিএসআর ফান্ড রাজনৈতিক উদ্দেশ্যে কিংবা কাউকে খুশি করার জন্য ব্যবহার করা যাবে না। দেশের জন্য জীবন উৎসর্গকারী বা দায়িত্ব পালন করতে গিয়ে পঙ্গুত্ববরণকারী পুলিশ ও অন্যান্য শৃঙ্খলাবদ্ধ বাহিনীর সদস্যদের পরিবারের পাশে দাঁড়ানোই প্রকৃত সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা।


সম্প্রতি সাভারের আমিনবাজারে দুর্বৃত্তদের হাতে নিহত পুলিশ সদস্যের অসহায় পরিবার এবং অন্তর্বর্তী সরকারের সময়ে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত শৃঙ্খলাবদ্ধ বাহিনীর সদস্যের পরিবারের পাশে সিএসআর ফান্ড থেকে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, দায়িত্বশীল আচরণ ও সঠিক দিকনির্দেশনা অনুসরণ করা হলে আগামী কয়েক বছরের মধ্যেই কমিউনিটি ব্যাংক দেশের অন্যতম শীর্ষ ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে পারবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাংকটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আকরাম হোসেন খান বিপিএম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. মো. মোরশেদ হাসান খান।


স্বরাষ্ট্রমন্ত্রী কেক কেটে কমিউনিটি ব্যাংকের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। এ সময় পুলিশ সদস্যদের জন্য ব্যাংকের ‘বাইক লোন’ ও ‘স্বপ্নের বাড়ি’ শীর্ষক হোম লোন কার্যক্রমেরও উদ্বোধন করেন।


অনুষ্ঠানে অডিও-ভিজ্যুয়াল পরিবেশনার মাধ্যমে কমিউনিটি ব্যাংকের সাত বছরের সাফল্য, গুরুত্বপূর্ণ উন্নয়ন ও সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। পরে ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের আমন্ত্রিত অতিথি ও সুধীজনদের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17899
Page of