সিলেট মহানগর বিএনপির তিন প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত
সিলেট :: পদ প্রদানের এক সপ্তাহ না পেরোতেই সিলেট মহানগর বিএনপির তিন প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদ স্থগিত হওয়া তিনজন হলেন—যুক্তরাজ্যপ্রবাসী ফয়ছল আহমদ, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাইফুর হারুন এবং যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ হুমায়ূন মিলাদ।
দলীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ওই তিন প্রবাসীকে সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। তাঁদের পদ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর দলটির বিভিন্ন পর্যায়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। কেন্দ্রের অনুমোদন ছাড়া তাঁদের উপদেষ্টা করা হয়েছে—এমন আলোচনা দেখা দেয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে সমালোচনা করেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এ নিয়ে বুধবার সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সভায় আলোচনা হয়। দলীয় সূত্রের দাবি, সভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর পরদিনই তিন প্রবাসী উপদেষ্টার পদ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, “৫-৬ দিন আগে ওই তিন প্রবাসীকে উপদেষ্টা মনোনীত করা হয়েছিল। কিন্তু যথাযথ সাংগঠনিক বিধিসম্মত না হওয়ায় তাঁদের পদ স্থগিত করা হয়েছে।”
তবে মহানগর বিএনপির পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।
এর আগে গত জুলাইয়ে সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদনের খবর প্রকাশিত হয়েছিল।