logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সর্বশেষ ইসলামাবাদে ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যা; একই ঘটনায় নিহত তিনজন

সিলেটে ২৭ দিনে ৫ খুন, বাড়ছে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ

চ্যানেল জৈন্তা নিউজ ৩১ আগস্ট ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ৩১ আগস্ট ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
সিলেটে ২৭ দিনে ৫ খুন, বাড়ছে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ

অনলাইন ডেস্ক।সিলেট নগরে মাত্র ২৭ দিনের ব্যবধানে পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনায় নগরবাসীর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর মধ্যে একটি ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। সর্বশেষ গত ২৩ আগস্ট রাতে নগরের শাহপরান (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় নিজ বাড়ির কাছে কুপিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী শাহাব উদ্দিনকে।


গত ২৭ জুলাই থেকে ২৩ আগস্ট পর্যন্ত এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে ২৭ জুলাই রাতে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে নগরের কাজীরবাজার সেতুর ওপর ছুরিকাঘাতে নিহত হয় কিশোর রিফাত আহমদ। এরপর ১২ আগস্ট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসায় ব্যবসায়ী ও সিলেট চেম্বারের সাবেক পরিচালক আবদুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহপরিচারিকা তাহমিনা নিহত হন।


সর্বশেষ ২৩ আগস্ট রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিভিন্ন প্রতিবেদনে তাঁর বয়স ৬৫ বছর উল্লেখ করা হয়েছে। তিনি বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা এবং ২০২০ সালের দিকে পরিবার নিয়ে শাহপরান ইসলামাবাদ এলাকায় বসবাস শুরু করেন। তাঁর একটি দোকানও রয়েছে শাহপরান (রহ.) মাজারের প্রধান ফটকের পাশে।


নিহতের স্বজনেরা জানান, ঘটনার রাতে দোকান থেকে হেঁটে বাড়ির দিকে ফিরছিলেন শাহাব উদ্দিন। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। তাঁর ঘাড় ও গলায় একাধিক কোপের চিহ্ন ছিল। তাঁর সঙ্গে থাকা আইফোন ও প্রায় ১০ হাজার টাকা অক্ষত থাকায় ঘটনাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে হয়েছে বলে মনে করছেন না স্বজনেরা।


এর আগে ২২ আগস্ট সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেটে মাদকের আনাগোনা, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখতে চান না।


আলোচিত তিন খুনের ঘটনায় গ্রেপ্তার


রায়নগর মিতালী আবাসিক এলাকায় একই বাসায় তিনজন হত্যার ঘটনায় বাবুল মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, চুরির উদ্দেশ্যে ওই বাসায় প্রবেশের পর গৃহপরিচারিকা তাঁকে দেখে ফেলায় প্রথমে তাঁকে হত্যা করা হয়। পরে দম্পতিকে হত্যা করা হয় বলে জবানবন্দিতে উঠে এসেছে।


অন্যদিকে, কাজীরবাজার সেতুতে কিশোর রিফাত আহমদ হত্যার ঘটনায় ঘটনার ২৫ দিন পর ২১ আগস্ট জুয়েল আহমদ নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।


পুলিশের তৎপরতা জোরদারের দাবি


সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল, মোবাইল টিম পরিচালনা এবং অপরাধীদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। ব্যক্তিগত, পারিবারিক, ব্যবসায়িক কিংবা জমিসংক্রান্ত বিরোধে নিজেরা জড়িয়ে না পড়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।


সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি সৈয়দা শিরীন আক্তার বলেন, অল্প সময়ের ব্যবধানে পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনায় নগরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন।


পরপর এসব হত্যাকাণ্ডের ঘটনায় নগরবাসীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

সূত্র: প্রথম আলো

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17348
Page of