logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৫ আগস্ট ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কানাইঘাটে রক্তাক্ত এনসিপি নেতা, পুলিশের মধ্যস্থতায় মীমাংসা

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ আগস্ট ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ আগস্ট ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন
কানাইঘাটে রক্তাক্ত এনসিপি নেতা, পুলিশের মধ্যস্থতায় মীমাংসা

ইকবাল বাহার, কানাইঘাট প্রতিনিধি:

সিলেটের কানাইঘাটে ফ্রিজের কিস্তির টাকা পরিশোধে বিলম্বকে কেন্দ্র করে ওয়ালটন কর্মকর্তা-কর্মীদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে রক্তাক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী হাফিজ বুরহান উদ্দীন ইউসুফ। পরে স্থানীয় কানাইঘাট থানা পুলিশের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়েছে।


সোমবার (২৪ আগস্ট) কানাইঘাট পৌর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে আহত হাফিজ বুরহান উদ্দীন ইউসুফকে স্থানীয়রা কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।


আহত হাফিজ বুরহান উদ্দীন ইউসুফের দাবি, গত ৩০ জুলাই তার ফ্রিজের একটি কিস্তির টাকা পরিশোধের নির্ধারিত তারিখ ছিল। ওইদিন রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকায় তিনি কিস্তির টাকা পরিশোধ করতে পারেননি। তার অভিযোগ, ওইদিন এনসিপির জুলাই পদযাত্রা চলাকালে ওয়ালটনের কয়েকজন কর্মী কর্মসূচির স্টেজের সামনে গিয়ে কিস্তির টাকা পরিশোধের জন্য তাকে তাগাদা দেন।


ইউসুফের দাবি, তিনি পরবর্তীতে কিস্তির টাকা পরিশোধ করবেন বলে কানাইঘাট শাখার কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। এরপরও ওয়ালটন কর্তৃপক্ষ তার বিষয়ে এনসিপির জেলা শাখার নেতাদের কাছে ফোন করে অভিযোগ করায় তিনি বিষয়টি নিয়ে বিব্রতবোধ করেন এবং কিস্তি পরিশোধে আরও বিলম্ব হয়।


তিনি আরও জানান, কিস্তির টাকা আদায়ের জন্য ওয়ালটনের কয়েকজন কর্মী ঘটনার তিন দিন আগে তার বাসায় গিয়েছিলেন। সে সময় তাকে না পেয়ে তারা ফিরে যান। পরে সোমবার কানাইঘাট শাখার ম্যানেজার সোহাগ হোসেনসহ কয়েকজন কর্মী আবার তার বাসায় গিয়ে কিস্তির টাকা পরিশোধের বিষয়ে কথা বলেন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


তবে ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন কানাইঘাট ওয়ালটন শাখার ম্যানেজার সোহাগ হোসেন। তার দাবি, ইউসুফ তাকে ও তার কর্মীদের একটি কক্ষে আটকে দেওয়ার চেষ্টা করেন। পরে স্টিলের দরজা নিয়ে ধাক্কাধাক্কির একপর্যায়ে দরজার সিটকারি বা কড়ার আঘাতে ইউসুফের মাথায় আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন।


সোহাগ হোসেন দাবি করেন, তিনি বা তার শাখার কোনো কর্মী ইউসুফকে হামলা করেননি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে উল্লেখ করেন তিনি।


ঘটনার পর স্থানীয়রা আহত ইউসুফকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।


পরে বিষয়টি জানাজানি হলে কানাইঘাট থানা পুলিশের সহায়তায় উভয় পক্ষের উপস্থিতিতে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হওয়ায় কোনো মামলা ছাড়াই ঘটনার সমাপ্তি ঘটে।


কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “দুই পক্ষের ভুল বোঝাবুঝিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। উভয় পক্ষের উপস্থিতিতে আলোচনা করে কোনো ধরনের মামলা ছাড়াই বিষয়টি মীমাংসা হয়েছে।”


তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে কেউ যেন বিভ্রান্তিকর কোনো তথ্য বা গুজব না ছড়ান, সে বিষয়ে সবাইকে অনুরোধ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17206
Page of