দিরাইয়ে ১,৫০০ টাকা পাওনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭
দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে মাত্র ১ হাজার ৫০০ টাকা পাওনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের সাতজন আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে পৌর শহরের ঘাগটিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন—আব্দুল হাফিজ (৪০), আব্দুর রহিম (৬৫), আব্দুল মুকিত (৪৫), ইমন (২১), আশিক মিয়া (৪০), জুয়েল (৪০) ও ছাব্বির (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ১ হাজার ৫০০ টাকা পাওনা নিয়ে ঘাগটিয়া গ্রামের আব্দুল হাফিজ ও জুয়েল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার বিকেল ৫টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের সাতজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আব্দুর রহিম, ইমন ও ছাব্বির মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’