logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০৬ আগস্ট ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ আগস্ট ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ আগস্ট ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন
সিলেটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-’ উপলক্ষে জেলা প্রশাসন, সিলেটের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৫ আগস্ট) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম-সেবা) এবং সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।


অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে ‘ক’, ‘খ’ ও ‘গ’ গ্রুপে আয়োজিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।


প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। নতুন প্রজন্মকে এই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও চেতনার সঙ্গে পরিচিত করতে হবে। দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের সাংস্কৃতিক ও সাহিত্যভিত্তিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস ও জাতীয় ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতা শিশু-কিশোরদের সুস্থ সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16783
Page of