যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
নিজস্ব প্রতিবেদক:
গুম, খুন ও অন্যায় হত্যাকাণ্ডকে মানবতা হত্যার শামিল উল্লেখ করে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেছেন, ইসলাম কখনো গুম বা অন্যায় হত্যাকে সমর্থন করে না। তিনি বলেন, অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা এতটাই ভয়াবহ অপরাধ যে, এতে আল্লাহর আরশ থরথর করে কেঁপে ওঠে এবং হত্যাকারী আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়।
সম্প্রতি এক ধর্মীয় নিবন্ধে তিনি বলেন, বর্তমান সময়ে দেশ-বিদেশে গুম, খুন ও হত্যাকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। অথচ পবিত্র কোরআন ও হাদিসে মানুষের জীবনকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
তিনি কোরআনের সূরা আল-বাকারার ১৭৮ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, ইসলামে কিসাসের বিধান রয়েছে, যাতে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এবং মানুষ হত্যা, ফিতনা-ফাসাদ ও বিশৃঙ্খলা থেকে বিরত থাকে।
হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরও বলেন, সহিহ বুখারি ও মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ (সা.) তিনটি নির্দিষ্ট কারণ ছাড়া কোনো মুসলমানকে হত্যা করা বৈধ নয় বলে উল্লেখ করেছেন। তবে এসব বিষয়ে সিদ্ধান্ত ও বিচার রাষ্ট্রীয়ভাবে এবং ইসলামী আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কার্যকর হবে।
তিনি বলেন, বর্তমানে এমন অনেক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, যার কোনো বৈধতা ইসলাম সমর্থন করে না। অন্যায়ভাবে কাউকে হত্যা করলে আল্লাহর রহমতের বিশেষ ছায়া থেকে মানুষ বঞ্চিত হয়। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, একজন মুমিন ততক্ষণ পর্যন্ত তার দ্বীনের ব্যাপারে প্রশান্ত থাকে, যতক্ষণ না সে অন্যায় হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ে।
তিনি আরও স্মরণ করিয়ে দেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম যে বিষয়ে বিচার হবে, তা হলো রক্তপাত বা হত্যা। তাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠায় সবাইকে গুম, খুন ও অন্যায় হত্যার মতো জঘন্য অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
লেখক শেষে মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ তাআলা যেন মুসলিম উম্মাহকে কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা এবং গুম, খুন ও অন্যায় হত্যার মতো মহাপাপ থেকে বেঁচে থাকার তাওফিক দান করেন।
হাফিজ মাছুম আহমদ দুধরচকী জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম, সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি, কদমতলী হযরত দরিয়া শাহ (রহ.) মাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট।