দুর্ঘটনায় আহত মাহাদেবের পাশে মধ্যনগর উপজেলা প্রশাসন
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জলুষা গ্রামের হতদরিদ্র মাহাদেব মজুমদারের পাশে দাঁড়িয়েছেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ। তাঁর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
জানা গেছে, জলুষা গ্রামের সন্তুস মজুমদারের ছেলে মাহাদেব মজুমদার কিছুদিন আগে ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরলেও শারীরিক দুর্বলতা ও চরম আর্থিক সংকটের কারণে মানবেতর জীবনযাপন করছিলেন।
সম্প্রতি তাঁর অসহায় অবস্থার খবর পেয়ে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ মানবিক দায়িত্ববোধ থেকে মাহাদেবকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তাঁকে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।
মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমীন জানান, প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং অসহায় মানুষের প্রতি সহমর্মিতা বৃদ্ধিতে সবাইকে উদ্বুদ্ধ করবে।
এ সময় ইউএনও সঞ্জয় ঘোষ বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও যদি এমন মানুষের পাশে এগিয়ে আসেন, তাহলে অনেক পরিবার নতুন করে বেঁচে থাকার আশা ফিরে পাবে।
সহায়তা পেয়ে মাহাদেব মজুমদার ও তাঁর পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, এই সহযোগিতা তাঁদের নতুন করে বেঁচে থাকার সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।