logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৬ জুলাই ২০২৬ ১১:২৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ঋণ ও গাছের চারা বিতরণ

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ জুলাই ২০২৬ ১১:২৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ জুলাই ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
গোয়াইনঘাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ঋণ ও গাছের চারা বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি:

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।


সোমবার (০৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।


দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ, পল্লী উন্নয়ন বিষয়ক বিশেষ ভিডিও ও ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা এবং সুফলভোগীদের অভিজ্ঞতা বিনিময়।


উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়ের সভাপতিত্বে এবং উপজেলা কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শামিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল রাখতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিআরডিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপকারভোগীদের ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান এবং সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মো. মাহবুব আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মেহেদী হাসান শুভ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, বিআরডিবি গোয়াইনঘাটের সাবেক সভাপতি লোকমান উদ্দিন ও কামরুজ্জামান মুকুল, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমানসহ আরও অনেকে।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিআরডিবির উপকারভোগী ও সুফলভোগীদের মাঝে ঋণ এবং বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিআরডিবির বিপুলসংখ্যক সুফলভোগী উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16315
Page of