logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০৭ জুন ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বানিয়াচংয়ে নারী-শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা: সামাজিক আন্দোলনের আহ্বান

চ্যানেল জৈন্তা নিউজ ০৭ জুন ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৭ জুন ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন
বানিয়াচংয়ে নারী-শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা: সামাজিক আন্দোলনের আহ্বান

বানিয়াচং প্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সচেতনতামূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, সাংবাদিক শেখ নুরুল ইসলাম এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আরশাদ মিয়া। এছাড়াও সভায় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, সামাজিক অপরাধ এবং পারিবারিক মূল্যবোধের অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি নিরাপদ, মানবিক ও সুস্থ সমাজ গঠনে নারী ও শিশুদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সমাজকে সাথে নিয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন, “সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং বিভিন্ন অপরাধ প্রবণতা দূর করতে হলে সচেতনতার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি। পরিবার থেকেই সন্তানদের সঠিক মূল্যবোধ শিক্ষা দিতে হবে।”

তিনি আরও বলেন, কন্যা সন্তানদের নিরাপত্তা ও সুশিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় অংশগ্রহণকারী অন্যান্য অতিথিরাও একটি নারী ও শিশু নির্যাতনমুক্ত, বাল্যবিবাহবিহীন এবং সচেতন সমাজ বিনির্মাণে সবার সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণের ওপর জোর দাবি জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15881
Page of