logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৬ জুন ২০২৬ ০৪:১০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সংসদ সদস্যদের জন্য ‘সংবিধান ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ জুন ২০২৬ ০৪:১০ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ জুন ২০২৬ ০৪:১০ পূর্বাহ্ন
সংসদ সদস্যদের জন্য ‘সংবিধান ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ঢাকা: জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে সংসদ সদস্যদের জন্য “সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম” বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।


আজ বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভুঁইয়া।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি; চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম মণি, এমপি; বিরোধী দলের নেতা ডা. মোঃ শফিকুর রহমান, এমপি; ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি।


স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কার্যপ্রণালী বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং এটি দায়িত্ব বাস্তবায়নের গুরুত্বপূর্ণ হাতিয়ার। সংসদের তিনটি প্রধান দায়িত্ব—আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং নির্বাহী বিভাগকে জবাবদিহিতার আওতায় আনা—এ বিষয়ে সদস্যদের সুস্পষ্ট ধারণা থাকা জরুরি বলে তিনি উল্লেখ করেন।


ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি বলেন, সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়েই কর্মভার গ্রহণ করেছেন। কার্যপ্রণালী বিধি তাঁদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে এবং সে দায়িত্ব পালনে জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।


চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি বলেন, একজন সংসদ সদস্যকে নিজ এলাকার সমস্যা শুনে তা সমাধানে কাজ করতে হয়। পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও সরকারকে জবাবদিহির আওতায় আনা তাঁর গুরুত্বপূর্ণ দায়িত্ব। কার্যকর সংসদ পরিচালনার জন্য সংসদীয় রীতি-নীতি ও কার্যপ্রণালী বিধি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।


বিরোধী দলের নেতা ডা. মোঃ শফিকুর রহমান, এমপি বলেন, জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়। তাই সুশাসন, অর্থনৈতিক সংস্কার এবং টেকসই গণতন্ত্র নিশ্চিত করাই সংসদের মূল লক্ষ্য হওয়া উচিত।


উল্লেখ্য, দুই দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কোর্সের প্রথম গ্রুপে পঞ্চগড়-১ থেকে বরগুনা-১, পটুয়াখালী-১ থেকে ভোলা-৪, ভোলা-২ থেকে ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15851
Page of