গ্রাম আদালতকে শক্তিশালী করতে সিলেটে এনজিওদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক।
জেলা পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগ, সিলেট-এর ভারপ্রাপ্ত উপপরিচালক পদ্মাসন সিংহ।
সভাপতির বক্তব্যে পদ্মাসন সিংহ বলেন, সরকার সুদূরপ্রসারী চিন্তাভাবনা থেকেই গ্রাম আদালতের কার্যক্রমকে সক্রিয় করেছে। সরকারের নীতিমালা বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এনজিও প্রতিনিধিরা যেহেতু বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে কাজ করেন, তাই তারা মাঠপর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে পারেন। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে গ্রাম আদালতের সুবিধা ও কার্যকারিতা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি উল্লেখ করেন, গ্রাম আদালতের মাধ্যমে অনেক জটিল সমস্যারও দ্রুত ও কার্যকর সমাধান সম্ভব—এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে লিগ্যাল অ্যানালিস্ট মশিউর রহমান চৌধুরী গ্রাম আদালত আইন ও বিধিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী প্রতিটি ইউনিয়নের এখতিয়ারাধীন এলাকায় নির্দিষ্ট কিছু দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য এই আদালত গঠিত হয়েছে। গ্রাম আদালতে দায়েরকৃত মামলার শুনানি শুরু হওয়ার ৯০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মো. পারভেজ, সহকারী কমিশনার নাজিয়া হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল রফিক, মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (তৃতীয় পর্যায়) সিলেট অঞ্চলের ম্যানেজার শওকত হাসানসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।