ছাতকে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত, ৫ জন ওসমানী হাসপাতালে
ছাতক প্রতিনিধি।
ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের মুনিরগাঁও–নোয়াগাঁও গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১ জুন) দুপুরে স্থানীয় সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের কৈতক হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলমান সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ নিয়ে কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থল পরিদর্শনে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে গ্রামের মৃত মনফর আলীর পুত্র ওয়ার্ড বিএনপির সভাপতি রপু মিয়ার ভাই কিরণ মিয়া এবং আমতর আলীর পুত্র উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত মিয়ার মধ্যে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয় বলে জানা যায়।
আহতদের মধ্যে রয়েছেন কিরণ মিয়া (৪০), কাওসার আহমদ (২৫), আহমদ আলী (২৮), নুর আলী (৫৫), রুয়েল আহমদ (২০), আকরাম আলী (২২), লিয়াকত আলী (৪২), রফিক মিয়া (৩০), উকিল মিয়া (৩০), জুনেদ (৩২)সহ আরও অনেকে।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আখলু মিয়া বলেন, সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে কিরণ মিয়া সেখানে উপস্থিত হন এবং পরে কথাকাটাকাটি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অন্যদিকে লিয়াকত আলী অভিযোগ করে বলেন, ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকায় সাংবাদিকরা এলে কিরণ মিয়া তাদের কাজে বাধা দেন এবং পরে হামলার ঘটনা ঘটে।
ওয়ার্ড বিএনপির সভাপতি রপু মিয়া বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন এবং সংঘর্ষের বিষয়ে বিস্তারিত জানেন না।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষের বিষয়ে খবর পাওয়া গেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।