logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৪ মে ২০২৬ ০৩:৩১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিয়ের প্রলোভনে বাসায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, সিলেটে আটক ২

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ মে ২০২৬ ০৩:৩১ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ মে ২০২৬ ০৩:৩১ পূর্বাহ্ন
বিয়ের প্রলোভনে বাসায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, সিলেটে আটক ২

সিলেট। 

সিলেটে শিশু ফহিমাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচনার মধ্যেই এবার মাজার জিয়ারতে আসা এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। তবে ঘটনায় জড়িত আরও একজন পলাতক রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


র‍্যাব জানায়, ভুক্তভোগী নারী সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং পেশাগতভাবে ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত। তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসেন।


অভিযোগ অনুযায়ী, সোমবার রাতের দিকে সিলেটের শাহপরান এলাকায় এক ব্যক্তি প্রথমে ওই নারীর সঙ্গে পরিচয় গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখান। পরে তাকে লোহারপাড়া এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে অবস্থান করা কয়েকজন ব্যক্তি এবং আরও কিছু সিএনজি চালক মিলে তাকে আটক করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।


ঘটনার পর মঙ্গলবার সকালে ভুক্তভোগী পাশের ভাড়াটিয়াদের কাছে বিষয়টি জানালে স্থানীয়রা র‍্যাবকে খবর দেন। পরে র‍্যাব-৯ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এ সময় একটি সিএনজি অটোরিকশা ও একটি ধারালো অস্ত্র (ছুরি) জব্দ করা হয়।


তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি র‍্যাব।


র‍্যাব-৯ এর সিপিএস কোম্পানি কমান্ডার মেজর সাদমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ভুক্তভোগীর বক্তব্যের সঙ্গে তাদের দেওয়া তথ্যের মিল পাওয়া গেছে বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, পলাতক এক সিএনজি চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়ের করা হবে এবং আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে।


এ ঘটনায় জড়িতদের অতীত অপরাধের তথ্যও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব। পাশাপাশি পুরো চক্র সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15390
Page of