logo
চ্যানেল জৈন্তা নিউজ
খেলাধূলা ০৯ মে ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
‘সঠিক প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে জাতীয়-আন্তর্জাতিক পর্যায়েও সফল হবে জৈন্তাপুরের ফুটবলাররা’

জৈন্তাপুরের কিশোর ফুটবলারদের ঐতিহাসিক সাফল্যে প্রবাসী নেতা খসরুর অভিনন্দন

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ মে ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন খেলাধূলা
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ মে ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
জৈন্তাপুরের কিশোর ফুটবলারদের ঐতিহাসিক সাফল্যে প্রবাসী নেতা খসরুর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক:

‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনূর্ধ্ব-১৪ বালক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে জৈন্তাপুর উপজেলার কিশোর ফুটবলাররা যে গৌরব অর্জন করেছে, তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা, জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা ও রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।


শনিবার (৯ মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি জৈন্তাপুর উপজেলা অনূর্ধ্ব-১৪ ফুটবল দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট কমিটি ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি এই সাফল্যকে জৈন্তাপুরবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করেন।


শুভেচ্ছা বার্তায় আব্দুল গফফার চৌধুরী খসরু বলেন,

“জৈন্তাপুরের কিশোর ফুটবলাররা মাঠে অসাধারণ প্রতিভা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে। তাদের এই অর্জন শুধু একটি টুর্নামেন্ট জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি জৈন্তাপুরের ক্রীড়াঙ্গনের সম্ভাবনারও প্রতিচ্ছবি। পুরো সিলেটবাসী আজ এই সাফল্যে গর্বিত।”


তিনি আরও বলেন,

“যথাযথ প্রশিক্ষণ, আধুনিক সুযোগ-সুবিধা ও নিয়মিত পৃষ্ঠপোষকতা পেলে জৈন্তাপুরের এসব তরুণ খেলোয়াড় ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হবে। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া।”


তরুণ সমাজকে সুস্থ ধারায় এগিয়ে নিতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,

“বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতাই বৃদ্ধি করে না, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধও তৈরি করে। তাই এ ধরনের আয়োজন নিয়মিত হলে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।”


তিনি টুর্নামেন্ট সংশ্লিষ্ট আয়োজক, ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে জৈন্তাপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।


উল্লেখ্য, শনিবার (৯ মে) বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনূর্ধ্ব-১৪ বালক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জৈন্তাপুর উপজেলা দল শক্তিশালী গোলাপগঞ্জ উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচের প্রথমার্ধের ১৪তম মিনিটে জৈন্তাপুরের হয়ে জয়সূচক গোলটি করেন আশফাক। টানটান উত্তেজনাপূর্ণ এই জয়ের মধ্য দিয়ে জৈন্তাপুর উপজেলার কিশোর ফুটবলাররা সিলেটের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা দিয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15264
Page of