ছাতকে পিকআপ গাড়িতে ডাকাতি, ২৪ ঘণ্টার মধ্যেই দুইজন গ্রেফতার
সেলিম মাহবুব:
সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ার গাঁও এলাকায় একটি পিকআপ গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশের সাঁড়াশি অভিযানে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে এবং লুণ্ঠিত টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় ১২টার দিকে জগন্নাথপুরগামী একটি পিকআপ গাড়ি শক্তিয়ার গাঁও এলাকার দারাখাই ব্রিজের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল গাড়িটির গতিরোধ করে। পরে তারা আকস্মিক হামলা চালিয়ে গাড়িতে ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে।
এ সময় ডাকাতরা গাড়িতে থাকা দোকান কর্মচারী স্বপন দাস-এর কাছ থেকে নগদ ২ লাখ ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জড়িত থাকার সন্দেহে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের আজির উদ্দিন (৩৩) এবং শান্তিগঞ্জ থানার ইশাকপুর গ্রামের হোসাইন আহমদ (২২)।
থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত হোসাইন আহমদের কাছ থেকে লুণ্ঠিত টাকার মধ্যে ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় দোকান মালিক মতিউর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন।
শুক্রবার সকালে ছাতক থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ছাতক সার্কেলের এএসপি শেখ মোঃ মোরসালিন জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, লুণ্ঠিত বাকি টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ের সময় ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।