কানাইঘাটে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়িসহ চোরাকারবারী জুবের গ্রেফতার
কানাইঘাট প্রতিনিধি:
সিলেট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়িসহ কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের বাসিন্দা ও কথিত চোরাকারবারী জুবের আহমদ (৩৫) গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, গত ৬ মে রাতে কানাইঘাট পৌরসভার রামপুর এলাকায় ডিবি পুলিশের এসআই মাহমুদুর রহমান-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জুবের আহমদকে ৬ কার্টুন ভারতীয় নাসির বিড়ি, যার পরিমাণ প্রায় ১ লাখ ২৬ হাজার শলাকা, সহ হাতেনাতে আটক করা হয়।
এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে জুবেরের সঙ্গে থাকা অপর অভিযুক্ত সেবুল মিয়া পালিয়ে যান বলে জানা গেছে।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মাহমুদুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত জুবের আহমদসহ দুইজনের বিরুদ্ধে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। থানার মামলা নম্বর-৬, তারিখ ০৭/০৫/২০২৬। পরে গ্রেফতারকৃত জুবের আহমদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুবের আহমদের বড় ভাই শাব্বির আহমদ দীর্ঘদিন ধরে কানাইঘাট সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, দুই ভাই মিলে ভারত থেকে অবৈধভাবে চা পাতা, জিরা, চিনি, নাসির বিড়ি, বিভিন্ন ধরনের মসলা, কম্বল, কসমেটিক্স, জুতা ও অন্যান্য ভারতীয় পণ্য এনে বায়মপুরসহ বিভিন্ন এলাকায় মজুদ ও বিক্রি করে আসছিলেন।
সম্প্রতি শাব্বির আহমদ ও জুবের আহমদের মজুদ করা প্রায় ২৩০ বস্তা ভারতীয় জিরা বায়মপুর গ্রামে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা জব্দ করেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।
এছাড়া জানা গেছে, শাব্বির আহমদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক চোরাচালান মামলা রয়েছে। তার ভাই জুবের আহমদের বিরুদ্ধেও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।