ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১
ওসমানীনগর সংবাদদাতা।
সিলেটের ওসমানীনগর উপজেলায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং আরও ৭–৮ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৫ মে) বিকেলে ওসমানীনগর থানার এসআই আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে গোয়ালাবাজার এলাকায় নিয়মিত টহল ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকার কয়েকটি বসতবাড়িতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা মজুদ রয়েছে।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) ও ওসির নির্দেশে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আবুল কালাম আজাদ (৪৪)-কে আটক করা হয়। তিনি ব্রাহ্মণগ্রাম এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে।
আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ির পূর্ব পাশে একটি কাচারিঘরে তল্লাশি চালিয়ে মোট ৬০৩ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। বস্তাগুলোতে “K.S. GOLD Jeera” ও “K.S & Company, Spices Merchant & Commission Agent” লেখা পাওয়া যায়।
পুলিশ জানায়, জব্দকৃত জিরার মোট ওজন প্রায় ১৮ হাজার ৯০ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা। মালামালের বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি।
এ ঘটনায় আটক আবুল কালাম আজাদ, তার ভাই আব্দুল মুমিন এবং আরও ৭–৮ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(১)(বি) ও ২৫-ডি ধারায় ওসমানীনগর থানায় মামলা করা হয়েছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরশেদুল আলম ভূইয়া বলেন, “চোরাচালান ও অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”