logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৩ মে ২০২৬ ১০:৫১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ওসমানীনগর–বিশ্বনাথ সংযোগকারী ব্রিজে অনিয়মের অভিযোগ, কোটি টাকার প্রকল্পে ফাটল ও নিম্নমানের কাজ নিয়ে ক্ষোভ

চ্যানেল জৈন্তা নিউজ ০৩ মে ২০২৬ ১০:৫১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ মে ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
ওসমানীনগর–বিশ্বনাথ সংযোগকারী ব্রিজে অনিয়মের অভিযোগ, কোটি টাকার প্রকল্পে ফাটল ও নিম্নমানের কাজ নিয়ে ক্ষোভ

স্টাফ রিপোর্টার।


সিলেটের ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলা সংযোগকারী আর্মিদিং নদীর ওপর নির্মাণাধীন একটি ব্রিজে ব্যাপক অনিয়ম, নিম্নমানের কাজ ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই ব্রিজ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।


স্থানীয়রা জানান, ব্রিজটি দয়ামীর ইউনিয়নের খাতুপুর গ্রাম এবং সদর ইউনিয়নের আতাফুর গ্রামের সংযোগস্থলে নির্মাণ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং যথাযথ তদারকির অভাবে কাজের মান নিয়ন্ত্রণে বড় ধরনের গাফিলতি রয়েছে।


এলাকাবাসীর দাবি, ব্রিজের কাজ শেষ হওয়ার আগেই মাঝখানের একটি অংশ দেবে গেছে। পাশাপাশি নরম ও নতুন মাটির ওপর সংযোগ সড়ক নির্মাণ করায় ওসমানীনগর অংশের প্রবেশমুখে ইতোমধ্যে ফাটল দেখা দিয়েছে। এতে ব্রিজটির স্থায়িত্ব ও জননিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।


স্থানীয়দের অভিযোগ, প্রকল্পটির দায়িত্বে থাকা প্রজেশ চন্দ্র দাসের তত্ত্বাবধানে কাজ পরিচালিত হলেও মান নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি নেই। তাদের আশঙ্কা, এভাবে কাজ চলতে থাকলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।


এছাড়া ব্রিজটি নদীর ওপর নিচু করে নির্মাণ করায় নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয় কৃষক, মৎস্যজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন।


এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে প্রকল্প ব্যয়ের সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি। তবে তারা দাবি করেছেন, কাজ নিয়ম মেনেই চলছে।


স্থানীয় বাসিন্দা ছনু মিয়া সহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, জনগণের টাকায় নির্মিত এ প্রকল্পে অনিয়মের মাধ্যমে অর্থ অপচয় হচ্ছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ব্রিজ নির্মাণে গুণগত মান নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15151
Page of