logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৭ এপ্রিল ২০২৬ ১১:২৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ধর্মপাশায় ১৪৪ ধারা ভেঙে ধান কাটার অভিযোগ, দিশেহারা বন্দোবস্ত পাওয়া কৃষক পরিবার

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ এপ্রিল ২০২৬ ১১:২৬ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ এপ্রিল ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
ধর্মপাশায় ১৪৪ ধারা ভেঙে ধান কাটার অভিযোগ, দিশেহারা বন্দোবস্ত পাওয়া কৃষক পরিবার

ধর্মপাশা প্রতিনিধি।  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারাকে উপেক্ষা করে একদল প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অসহায় কৃষকদের বন্দোবস্ত পাওয়া জমির পাকা ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।


গত বুধবার উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম মৌজায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ থাকলেও তা অমান্য করে জমি দখলের চেষ্টা করা হয়। এর আগেও এ জমি নিয়ে একাধিক সংঘর্ষ ও মামলার ঘটনা রয়েছে।


অভিযোগ রয়েছে, ১৯৯৪ সালে পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের ভূমিহীন আব্দুর রহিম (৮৫), নবাব খা (৯০) এবং ১৯৯৯ সালে পুলিশের মা (৮০) ও আহির উদ্দিন (৮৯) এক একর করে ভূমি বন্দোবস্ত পান। এরপর থেকে তারা জমিতে চাষাবাদ করে আসছিলেন।


ভুক্তভোগীদের দাবি, গেল বছর ধানের বীজ বপন নষ্ট করে জমি দখলের চেষ্টা চালান সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ গ্রামের আসাদুজ্জামান (৫৫), মাসুদ রানা (৪৫), শামছু মিয়া (৫৫), ধন মিয়া (৪২) এবং বৌলাম গ্রামের বুলবুল মিয়া (৪৮)। এতে বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা হয়।


এ ঘটনায় আদালতে মামলা দায়ের ও জমি নিয়ে বিরোধ থাকায় উত্তেজনাকর পরিস্থিতির আশঙ্কায় স্থানীয় প্রশাসন গত ২১ এপ্রিল মঙ্গলবার সংশ্লিষ্ট জমিতে ১৪৪ ধারা জারি করে। অভিযোগ রয়েছে, এর একদিন পরই আদেশ অমান্য করে কৃষকদের কষ্টার্জিত পাকা ধান কেটে নিয়ে যান আসাদুজ্জামানসহ তার লোকজন। এতে বন্দোবস্ত পাওয়া পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছেন।


এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।


তবে ১৪৪ ধারার নোটিশ হাতে পাওয়ার আগে ও পরে ধান কাটার বিষয়টি স্বীকার করে আসাদুজ্জামান বলেন, খাস জায়গা বণ্টন করতে গিয়ে তাদের রেকর্ডীয় জায়গা সরকার বন্দোবস্ত দেওয়ায় হামলা-মামলার ঘটনা ঘটছে। স্থায়ী সমাধানের জন্য জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হবে।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনি রায় বলেন, কেউ যদি আদেশ অমান্য করে ধান কাটার ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15006
Page of