logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২১ এপ্রিল ২০২৬ ০৪:০১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে দ্বন্দ্ব: চাঁদাবাজি-জালিয়াতির অভিযোগে পাল্টাপাল্টি বক্তব্য

চ্যানেল জৈন্তা নিউজ ২১ এপ্রিল ২০২৬ ০৪:০১ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২১ এপ্রিল ২০২৬ ০৪:০১ অপরাহ্ন
দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে দ্বন্দ্ব: চাঁদাবাজি-জালিয়াতির অভিযোগে পাল্টাপাল্টি বক্তব্য

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ‘বাংলাবাজার পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’কে কেন্দ্র করে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমিতির বৈধ কমিটির পক্ষ থেকে স্থানীয় বিএনপি নেতা মোর্শেদ আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হলেও অভিযুক্ত এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।


রোববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি প্রভাবশালী স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে সমিতির বৈধ কমিটির সদস্যদের নাম ব্যবহার করে ভুয়া নথি তৈরি ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে সাধারণ সদস্যদের বিভ্রান্ত করছে।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সমিতির কার্যক্রম সচল রাখতে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরে সমিতির প্যাড ও কর্মকর্তাদের জাল স্বাক্ষর ব্যবহার করে ভুয়া অভিযোগ ও রেজুলেশন দাখিল করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। বৈধ কমিটির কার্যক্রমে বিঘ্ন ঘটাতে চাপ প্রয়োগ ও চাঁদা দাবির বিষয়টিও তুলে ধরা হয়।


সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, “স্থানীয় বিএনপি নেতা মোর্শেদ আলমের নেতৃত্বে একটি গোষ্ঠী সমবায়ের নিয়ম-নীতি উপেক্ষা করে সমিতির সম্পদ ও তহবিল দখলের চেষ্টা করছে। তারা আমাদের ভয়ভীতি প্রদর্শন করছে এবং গত ১৬ এপ্রিল সমিতির কার্যালয়ের তালা ভেঙে দখল করে নেয়। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”


সমিতির সদস্য জোছনা বেগম ও আছিয়া বেগম অভিযোগ করেন, প্রজেক্টের কথা বলে তাদের কাছ থেকে ভুয়া স্বাক্ষর নেওয়া হয়েছে এবং পরে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দেওয়ায় তারা নানা ধরনের হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন বলেও জানান তারা।


অন্যদিকে, অভিযুক্ত বিএনপি নেতা মোর্শেদ আলম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি সকলকে নিয়ে আলোচনা করে এবং নিয়ম মেনে সমিতির কার্যক্রম পরিচালনা করেছি। আমার বিরুদ্ধে আনা চাঁদাবাজি বা অনিয়মের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি আরও দাবি করেন, একটি পক্ষ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।


সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14894
Page of