দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন
দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো সরানো হয়নি সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের প্রচারণা কাজে ব্যবহৃত ব্যানার-ফেস্টুন। যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করেন রাজনৈতিক সচেতন মহল। তবে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন এ ব্যাপারে কোনো ভূমিকা গ্রহণ করতে দেখা যায়নি।
বাংলাদেশ নির্বাচন কমিশনের আচরণবিধি মুতাবেক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যেক প্রার্থী নিজ উদ্যোগে প্রচারকার্যে ব্যবহৃত সকল সরঞ্জাম (ব্যানার-ফেস্টুন) সরিয়ে ফেলার কথা। গতকাল শুক্রবার সরেজমিন বাজার ঘুরে দেখা গেছে এগুলো এখন পর্যন্ত রাস্তার পাশে ও রাস্তার উপরে ঝুলছে। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো ঝুলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থীদের প্রচারণা কাজে ব্যবহৃত ব্যানার-ফেস্টুন। তাদের নিজ উদ্যোগে সরিয়ে ফেলার কোনো আগ্রহ এখন পর্যন্ত দেখা যায়নি। যা সুস্পষ্ট নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
এ ব্যাপারে জানতে চাইলে দিরাই উপজেলা নির্বাহী অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও দিরাই পৌর প্রশাসক সন্জীব সরকার জানান, এগুলো মূলত প্রার্থীরা নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার কথা। যদি তারা না সরান, তবে আমরাই পৌরসভার ব্যবস্থপনায় তা সরিয়ে ফেলার উদ্যোগ গ্রহণ করবো। তবে এ আইন লঙ্ঘনের দায়ে কোনো প্রার্থীকেই জরিমানা করা হয়নি।