নোংরা পরিবেশে খাবার তৈরি সিলেটে 'নিশিতা ফুডস'কে ৩ লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার।
সিলেটের শাহপরাণ থানাধীন খাদিম বিসিক শিল্পনগরীতে অবস্থিত অন্যতম খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘নিশিতা ফুডস’-কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানায় মারাত্মক অস্বাস্থ্যকর পরিবেশ, ডালডায় পোকা এবং খাদ্যে ভেজালের প্রমাণ পাওয়ায় এই দণ্ড প্রদান করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ এই অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, আসন্ন রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে নিশিতা ফুডসের কারখানায় তল্লাশি চালানো হয়। এসময় দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি হচ্ছে। জব্দকৃত ডালডায় জ্যান্ত পোকা এবং মিশ্রিতে মাছিসহ বিভিন্ন নোংরা উপাদান পাওয়া যায়। এছাড়া সেমাইসহ বিভিন্ন খাদ্যপণ্যে ভেজালের প্রমাণ মেলে।
অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, কারখানার ভেতরে খাবারের মান ও পরিবেশ অত্যন্ত নিম্নমানের পাওয়া গেছে। আমরা ডালডায় পোকা এবং মিশ্রিতে মাছি ভাসতে দেখেছি, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানের সময় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার একজন ম্যানেজারকে আটক করা হয়েছিল। পরবর্তীতে জরিমানার টাকা পরিশোধ করার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, সিলেটের অভিজাত খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অনিয়মের অভিযোগ ওঠে। এসব প্রতিষ্ঠানের শোরুম ও কারখানায় মাঝেমধ্যেই অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। জনস্বার্থ রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।