logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ১৭ নভেম্বর ২০২৬ ০৩:৪৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
রাতভর অবস্থানের পর পুলিশের কাছে হস্তান্তর, তদন্ত কমিটি গঠন

জবিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তা আটক, সাময়িক বরখাস্ত

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ নভেম্বর ২০২৬ ০৩:৪৪ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ নভেম্বর ২০২৬ ০৩:৪৪ অপরাহ্ন
জবিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তা আটক, সাময়িক বরখাস্ত

ঢাকা :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ সময় তাঁদের মারধরের অভিযোগও উঠেছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে।


সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালিয়ে ওই পাঁচ কর্মকর্তাকে আটক করা হয়। পরে তাঁদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। এ সময় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও জব্দ করেন আন্দোলনকারী নেতাকর্মীরা।


আটক কর্মকর্তারা হলেন—বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।


ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীদের দাবি, আটক কর্মকর্তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতায় অর্থায়নের অভিযোগও তোলেন ছাত্রনেতারা। এসব অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।


এ বিষয়ে ছাত্রশক্তির জবি শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় এমন কর্মকর্তাদের সঙ্গে কোনো আপস করা হবে না। অভিযানে চিহ্নিত ব্যক্তিদের প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।


অন্যদিকে, জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারী নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে যুক্ত থেকে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাঁদের বিরুদ্ধে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।


ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা করে। সোমবার রাত ১০টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দীন পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের ঘোষণা দেন। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি কমিটি গঠনের কথা জানান। উপাচার্য বলেন, প্রাথমিক অনুসন্ধানে তাঁদের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


তবে প্রশাসনের সিদ্ধান্তের পরও পাঁচ কর্মকর্তাকে পুলিশের কাছে হস্তান্তরের দাবিতে রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা।


পরে মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৪টার দিকে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, কর্মকর্তাদের থানায় আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি।


বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত এবং পুলিশের পরবর্তী পদক্ষেপের মধ্য দিয়ে এ ঘটনার প্রকৃত তথ্য ও অভিযোগের সত্যতা যাচাইয়ের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19048
Page of