logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৬ নভেম্বর ২০২৬ ১১:৪২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ নভেম্বর ২০২৬ ১১:৪২ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ নভেম্বর ২০২৬ ১১:৪২ অপরাহ্ন
জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট :

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম, ফেসওয়াশ ও লোশন।


সোমবার (১৬ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


বিজিবি সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) লালাখাল বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইয়ংরাজা নামক স্থানে অভিযান পরিচালনা করে।


এ সময় মালিকবিহীন অবস্থায় ২১০ কেজি ভারতীয় জিরা, ২ হাজার ১৮৪টি ক্লপ জি ক্রিম, ৮৯৭টি ফেসওয়াশ এবং ১৬৭টি লোশন জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের সিজারমূল্য ৮ লাখ ৯৬ হাজার ৮৮৩ টাকা।


অন্যদিকে, একই দিন বিকেল ৫টা ৪০ মিনিটে কানাইঘাট উপজেলায় অভিযান চালায় ১৯ বিজিবির সোনারখেওর বিওপির একটি টহলদল। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০৫টি ভারতীয় স্কিন ক্রিম এবং ৭৯৫টি অডোমস ক্রিম জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ১ লাখ ৯৫ হাজার ৩৭০ টাকা।


দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ১০ লাখ ৯২ হাজার ২৫৩ টাকা।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19026
Page of