অপরাধ দমনে হোটেল-রিসোর্টে অতিথির পরিচয় যাচাইয়ের আহ্বান এসএমপি কমিশনারের
সিলেট :
সিলেট মহানগরীতে অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা জোরদারে আবাসিক হোটেল, রিসোর্ট ও কমিউনিটি সেন্টার মালিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। এ লক্ষ্যে হোটেলে অবস্থানকারী অতিথিদের পরিচয় যাচাই, তথ্য সংরক্ষণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পার্কিং এলাকায় গাড়ির নিরাপত্তা তল্লাশি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলনকক্ষে আবাসিক হোটেল, রিসোর্ট ও কমিউনিটি সেন্টারের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
সভায় অপরাধ প্রতিরোধ, অনৈতিক ও রাষ্ট্রদ্রোহী কার্যক্রম এবং অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও তথ্য আদান-প্রদান জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় হোটেল ও রিসোর্টে অবস্থানকারী অতিথিদের পরিচয় যথাযথভাবে যাচাই এবং প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে পার্কিং এলাকায় রাখা যানবাহন যথাযথভাবে তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়।
সভায় আরও বলা হয়, কোনো সন্দেহজনক ব্যক্তি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের আভাস পাওয়া গেলে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে। বিশেষ করে উঠতি বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের আপত্তিকর কর্মকাণ্ডে জড়িত হওয়ার সুযোগ না পায়, সে বিষয়ে হোটেল, রিসোর্ট ও কমিউনিটি সেন্টারের মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সিলেট মহানগরীকে অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে পুলিশ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিক ও প্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং আবাসিক হোটেল, রিসোর্ট ও কমিউনিটি সেন্টারের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।